বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অগ্রযাত্রা এখন আর কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেলিন। তিনি বলেছেন, ‘একাত্তরে যারা বাংলাদেশের শত্রু ছিল, তারাই আজ আমাদের পক্ষে দাঁড়াতে বাধ্য হয়েছে।’

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় লেলিন এসব কথা বলেন।

নূহ উল আলম লেলিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রজ্ঞা দিয়ে বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট তাঁকে হত্যার মাধ্যমে পরাজিত গোষ্ঠী তাদের ভাবধারা আবার জাতির ওপর আরোপ করার প্রয়াস গ্রহণ করে। সব ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। জাতির পিতার স্বপ্ন এবং ভাবধারায় বাংলাদেশের অগ্রযাত্রা এখন আর কেউ দমিয়ে রাখতে পারবে না।’

সভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেনসহ মিশনে কর্মরত সব সদস্য অংশ নেন। এ ছাড়া জাতীয় শোক দিবসে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়েও আলোচনা সভার আয়োজন করে। সেখানে কনসাল জেনারেল শামীম আহসান বক্তব্য রাখেন।