বাংলাদেশের সাম্রাজ্য জয়

লোকে বলে সাত নাকি সৌভাগ্যের সংখ্যা। রবার্ট দ্য ব্রুসের বীরত্বের কাহিনি আমরা কমবেশি অনেকেই জানি। পরপর ছয়বার পরাজয়ের হতাশা কাটিয়ে তিনি ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়ে জন্মভূমি স্কটল্যান্ডকে মুক্ত করেছিলেন। এটাও হয়তো আমরা শুনেছি, একটি মাকড়সার অধ্যবসায় দেখেই নাকি তিনি প্রেরণা নিয়েছিলেন। এই যে ভুবনবিখ্যাত জেমস বন্ড, তাঁরও পরিচয় কিন্তু সাতের মধ্যেই (০০৭)। তেমনি আমাদের ক্রিকেটের সঙ্গেও এই সাত সংখ্যাটিকে জুড়ে দেওয়া যেতেই পারে।
হয়তো ভাবছেন কীভাবে জুড়ে দেওয়া যাবে কিংবা কেনই বা জুড়ে দেব? তাহলে একটু পেছনে ফেরা যাক। তার আগে কিছু কথা বলে নিই। তিন কিংবা তার অধিক দল হয়ে গেলেই বাংলাদেশ দল হয়ে যায় হতবিহ্বল। এর আগে ছয়-ছয়বার ফাইনাল খেললেও সব কটিতেই ছিল বুকভাঙা দুর্ভাগ্যের গল্প। পরাজয়ের ইতিহাস।
তাই হৃদয়ভাঙা আগের ছয় ফাইনালের গল্প দিয়ে শুরু করি।
বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০০৯ সালের ১৬ জানুয়ারি ছিল অন্য আট-দশটা দিনের চেয়ে আলাদা। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে বাংলাদেশ। হোক না তা তিন জাতির আসর। সেই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে ছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। ফাইনাল জেতা হতে হতেও জিততে পারেনি বাংলাদেশ। বলা যায়, জিততে দেননি মুত্তিয়া মুরালিধরন।
আগে ব্যাট করা বাংলাদেশ ১৫২ রানে অলআউট। কিন্তু কে জানত তখনো নাটকীয়তার বাকি আছে। মাশরাফিদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি লঙ্কান টপ-অর্ডার। একপর্যায়ে ১১৪ রানে লঙ্কানদের ৮ উইকেট পড়েই গিয়েছিল। জয় থেকে তখনো অনেক দূরে লঙ্কানরা, জয়ের সুবাতাসই পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু বোলার মুরালিধরন সেদিন ব্যাট হাত রুদ্রমূর্তি ধারণ করেছিলেন ১৬ বলে অবিশ্বাস্য ৩৩ রানের হার না মানা ইনিংসে খেলে। আর তাতেই স্বপ্নভঙ্গ ১৬ কোটি বাঙালির।
এর পরের ফাইনালটি ছিল আক্ষরিক অর্থে হৃদয় ভাঙার। ২০১২ সালের মার্চে ঢাকায় হয় এশিয়া কাপ।
তখনো ওয়ানডে ক্রিকেটে অগোছালো একটা দল বাংলাদেশ। কিন্তু এই দলটাই পরপর ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে উঠে গেল ফাইনালে।
মিরপুরে শিরোপা লড়াইয়ে শেষ ওভারে শাহাদাতের দেওয়া ১৯ রানের সুবাদে ৯ উইকেটে ২৩৬ রান করে পাকিস্তান। নাজিমুদ্দিন-নাসিরের কচ্ছপ গতির ব্যাটিংয়ের বিপরীতে তামিম-সাকিবের অসাধারণ ফিফটির সুবাদে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু দ্রুত অনেকগুলো উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল বাংলাদেশ।
শেষ ওভারে দরকার ছিল ৯ রান । কিন্তু ক্রিজে থাকা মাহমুদউল্লাহ আর রাজ্জাক মিলে ৬ রানের বেশি তুলতে পারেননি। ২ রানে হেরে আরও একটু আক্ষেপের জন্ম দিয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবকে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমের কান্না কিংবা বাউন্ডারি লাইনে বিজয়ীদের বরণ করার জন্য প্রস্তুত হওয়া মাশরাফি সেখানেই নিজের ক্লান্ত শরীরকে সঁপে দিয়ে বসে পড়া ছবিগুলো অনেক দিন ধরে কাঁদিয়েছিল কোটি ক্রিকেটপ্রেমীকে।
মাঝে ২০১৬ সালে ঢাকায় আরেকটি এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ। তবে এবারের গল্পটা টি-টোয়েন্টির। তবে এবারও পারেনি বাংলাদেশ। আরব আমিরাত, শ্রীলঙ্কা আর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ফাইনালে এবার প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গী হয় ভারত। ম্যাচের আগেই হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে ম্যাচ শুরু হয় অনেক দেরিতে। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করে রিয়াদ-সাব্বিরের দৃঢ়তায় ৫ উইকেটে ১২০ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে তাসকিন আর আল-আমিনের বোলিংয়ে চাপে পড়ে ভারত। রোহিতকে হারিয়ে প্রথমেই চাপে পড়ে ভারত। তবে ধাওয়ান-কোহলির ব্যাটে জয়ের পথেই ছিল ভারত। ধাওয়ানকে ফিরিয়ে তাসকিন বাংলাদেশকে ম্যাচে ফেরালেও ৭ বল হাতে থাকতেই জয় পায় ভারত।
২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটা ছিল ঘরের মাটিতে এবারও সেই ২০০৯-এর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে সেবারের চেয়ে এবারের বাংলাদেশ ছিল আগের চেয়ে শক্তিশালী। সবাই হয়তো ভেবেই নিয়েছিল এবার বুঝি ফাইনাল জিততে চলল বাংলাদেশ। লিগ পর্বের শুরু থেকেই সেটারই ইঙ্গিত দিয়ে চলছিল বাংলাদেশ। ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান দলের সেরা খেলোয়াড়টি। পরে আর মাঠেই নামতে পারেননি সাকিব। ফলাফল লঙ্কানদের সঙ্গে আরও একটি ফাইনাল হার। ২২২ রানের টার্গেট তাড়া করে ৭৯ রানের হার বরণ করে নিতে হয় মাশরাফির দলকে।
২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতা উদযাপনের নিদাহাস ট্রফিটা বাংলাদেশ হয়তো দীর্ঘদিন মনে রাখবে। কী ছিল না সেই টুর্নামেন্টে, কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল নিশ্চিত হওয়া যেত বাংলাদেশের কিন্তু সেদিন বাদ সাধলেন আম্পায়াররা। ইসরু উদানার করা শেষ ওভারের প্রথম দুই বলই মুস্তাফিজকে বাউন্সার মারেন তিনি। স্বাভাবিকভাবেই নো-বল ছিল দ্বিতীয়টি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমে নো-বলের সিদ্ধান্ত দিতে গিয়েও আবার হাত নামিয়ে ফেলেন। আর এতেই উত্তেজনা সৃষ্টি হয় মাঠে। একপর্যায়ে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অধিনায়ক সাকিব ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান এবং রিয়াদকে মাঠ থেকেও বেরিয়ে আসতে বলেন। পরে দুদলের মধ্যস্থতায় ম্যাচ আবারও মাঠে গড়ায়। তখনো বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ বলে ১২ রানের। ক্রিজে থেকে এতক্ষণ সব সয়ে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ১ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের করে নেন। আর এতেই অন্যায়ের মোক্ষম জবাব দিয়েই ফাইনালে ওঠে বাংলাদেশ।
ফাইনালে ভারতের মুখোমুখি হলে সব দর্শক বাংলাদেশের প্রতিপক্ষ বনে যায়। বিরুদ্ধ পরিবেশেও বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপায় প্রায় চুমু দিতে যাচ্ছিল। সাকিবের দল ১৬৭ রানের টার্গেট দিয়েছিল। শেষ ১২ বলে জিততে ভারতের দরকার ছিল ৩৪। প্রথম তিন ওভার দুর্দান্ত করা রুবেল হঠাৎই যেন ছন্দ হারিয়ে ফেলেন। তাঁর করা সেই ওভারেই দীনেশ কার্তিক তুলে নেন ২২ রান। মাত্র ৮ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন দীনেশ কার্তিক। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১২ রানের । ৫ বলে ৭ রান দেওয়া সৌম্যর করা শেষ বলে ৫ রান দরকার ছিল। ব্যাটিংয়ে ছিলেন সেই কার্তিক। সৌম্য সরকারকে শেষ ছক্কাটা হাঁকিয়ে বাংলাদেশ দলকে কিংকর্তব্যবিমূঢ় বানিয়ে ভারতকে শিরোপা উৎসবে মাতান দীনেশ কার্তিক। আর এতেই আরও একটা হারের সাক্ষী হতে হয় বাংলাদেশকে।
তার কদিন পরই আরব আমিরাতে বসল এশিয়া কাপ। পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানদের পেছনে ফেলে ফাইনালে মাশরাফির দলের সামনে ভারত। আগে ব্যাট করে এক লিটন দাস আর মিরাজ ছাড়া ব্যাটিংয়ে পুরো দল অসহায় আত্মসমর্পণ করে ভারতীয় বোলারদের কাছে। ১২১ রানের ওপেনিং জুটির পরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ সেদিন থামে ২২২ রানে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা লিটন পেয়ে গিয়েছিলেন এশিয়া কাপের ফাইনালের মতো বড় মঞ্চে। শেষ অবধি ১২১ রানে থামে লিটনের সেই মহাকাব্যিক ইনিংস । ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ ঘামই ঝরাতে হয়েছিল ভারতকে। একপর্যায়ে ম্যাচটিকে নিজেদের দিকে নিয়েও এসেছিল বাংলাদেশ। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ছয় রান। অধিনায়ক মাশরাফি বল তুলে দিলেন রিয়াদের হাতে কিন্তু ওভারের চতুর্থ বলে মুশির সামান্য ভুলে জয়টার কাছে গিয়েও পরাজয় বরণ করে বাংলাদেশ।
চতুর্থ বলে আসলেই সেদিন কী হয়েছিল একটু স্মরণ করা যাক। তখনো ভারতের প্রয়োজন ছিল ২ বলে ২ রান। স্ট্রাইক প্রান্তে ছিলেন কুলদীপ যাদব। রিয়াদের বুদ্ধিদীপ্ত বল বুঝতে পারেননি কুলদীপ। সুইপ খেলতে গিয়ে ব্যাট-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন। একই সঙ্গে ব্যর্থ হয় উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভস জোড়াও। অবশেষে শেষ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ষষ্ঠবারের মতো ফাইনাল হার যোগ হয় বাংলাদেশের নামের পাশে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেটের মহাযজ্ঞের কিছুদিন আগেই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই বিশ্বকাপের বেশ আগেই আয়ারল্যান্ডে পাড়ি জমায় বাংলাদেশ। উদ্দেশ্য, বিশ্বকাপের আগে আবহাওয়ার সঙ্গে নিজেদের ধাতস্থ করে তোলা। বাংলাদেশের সঙ্গী হয় এবার ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড-বাংলাদেশ-উইন্ডিজকে নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে বসে ত্রিদেশীয় সিরিজ। গ্রুপ পর্বে সমানতালে লড়ে ফাইনালে যায় বাংলাদেশ-উইন্ডিজ। তিন বা ততোধিক দলের আরও একটি ফাইনালে বাংলাদেশ। এ নিয়ে সপ্তমবারের মতো। আগের ছয়বারের গল্প ছিল শুধুই হতাশার আর একটা বেদনার মিশেলে। বারবার কাছে গিয়েও হয়নি ট্রফির স্বাদ নেওয়ার। তাই অনেকের মনেই একটা প্রশ্ন ছিল, এবার পারবে তো বাংলাদেশ?
আগের ছয়বার ফাইনাল হারলেও এত দিনে ফাইনালে ওঠাকে অভ্যাসে পরিণত করে ফেলে বাংলাদেশ। আগের ছয় হার বাংলাদেশকে এতটুকুও দমিয়ে যেতে দেয়নি। ২০১৯ সালের ১৭ মে ডাবলিনে সপ্তমবারের মতো রবার্ট ব্রুসের সফল হওয়ার মন্ত্র নিয়ে ফাইনাল খেলতে নামে বাংলাদেশ।
এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। শুরুতে বাংলাদেশের বোলাররা উইন্ডিজ ব্যাটসম্যানদের চেপে ধরলেও বৃষ্টির আশঙ্কায় চড়াও হন শাই-হোপ এবং আম্ব্রিস। ২০ ওভারে ১৩১ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি যখন থামে তখন ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৪ ওভারে। উইন্ডিজ থামে ১ উইকেট হারিয়ে ১৫২ রানে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। আরও একটি ফাইনাল হার হয়তো তখন উঁকি দিচ্ছিল বাংলাদেশের আকাশে। কিন্তু না, সেদিন আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাঁদতে দেননি সৌম্য-মোসাদ্দেকরা। ক্রিকেট বিধাতা হয়তো চেয়েছিলেন আরও একটি ফাইনাল হারের সঙ্গী না হোক বাংলাদেশ। তাইতো রথের ত্রাতার ভূমিকায় মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট। শুরুতে সৌম্যর ৪১ বলে ৬৬ রানের ঝোড়ো শুরুর পরও চোখ রাঙানি দিচ্ছিল আরও একটি ফাইনাল হারের। কিন্তু না সেদিন মোসাদ্দেকের অবিচ্ছেদ্য পঞ্চাশে (২৪ বলে অপরাজিত ৫২*) প্রথমবারের মতো সাম্রাজ্য জয় করে বাংলাদেশ।