সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৫তম অ্যাসেম্বলির সাধারণ আলোচনায় তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের সাংসদ সাবের হোসেন চৌধুরী।
ফজলে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশের অবস্থান সন্ত্রাস, জঙ্গিবাদ, মানবতাবিরোধী অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে। এসব সমস্যা মোকাবিলায় বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করে। গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধ করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। এসব বিষয়ে বাংলাদেশ কোনো ধরনের আপসে বিশ্বাস করে না।
ডেপুটি স্পিকার আইপিইউকে বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা, সরকার ও বেসরকারি সংস্থার মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সব আইনসভাকে নিয়ে একটি অভিন্ন মঞ্চ তৈরির জন্য আইপিইউর প্রতি আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও মিয়ানমার থেকে আগত বিপুলসংখ্যক শরণার্থী ও মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আইপিইউর ১৩৬তম সম্মেলন আগামী বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে। বক্তব্যে ফজলে রাব্বী মিয়া ঢাকায় অনুষ্ঠেয় সম্মেলনে যোগদানের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
জেনেভায় সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান, সাংসদ আবদুল মতিন খসরু, আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
আইপিইউ সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের প্রতিনিধিদল ২২ অক্টোবর জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়ে।