যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান ফান্ড ফর পিসের (এফএফপি) ব্যর্থ রাষ্ট্রের তালিকায় আগের অবস্থানেই রয়েছে বাংলাদেশ। গত বছরের মতো এবারও ২৯তম হয়েছে। গত বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এই অবস্থানে ছিল বাংলাদেশ। ১২টি মানদণ্ডের বিচারে গবেষণাটি হয়েছে। মোট ১২০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ৯২ দশমিক ৫, যা ২০১২ সালে ছিল ৯২ দশমিক ২। স্কোর বেড়ে যাওয়ায় অবস্থান এক থাকলেও ব্যর্থতার পাল্লা গত বছরের চেয়ে ভারী। গত বছর গবেষণা হয়েছিল ১৭৮টি দেশের ওপর। সেই বিচারেও পিছিয়েছে বাংলাদেশ।চলতি বছর ১৭১টি দেশের মধ্যে পরিচালিত জরিপ ও গবেষণায় সবচেয়ে বেশি ১১৩ দশমিক ৯ পয়েন্ট পেয়ে শীর্ষ ব্যর্থ রাষ্ট্র হয়েছে সোমালিয়া। আর সবচেয়ে সফল রাষ্ট্র আইসল্যান্ড, যার পয়েন্ট ২৪ দশমিক ৭।ওয়াশিংটন ডিসির দি ইউনিভার্সিটি ক্লাব মিলনায়তনে গত মঙ্গলবার এফএফপির একদল গবেষক এই প্রতিবেদন উপস্থাপন করেন।প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুটি ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে অবনতি হয়েছে। একটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ও আইনের শাসনের অভাব এবং অন্যটি হলো উদ্বাস্তু ও বাস্তুহারা মানুষের আবাসস্থল ত্যাগ। তালিকা অনুযায়ী, ৯১ দশমিক ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল। আর ৯২ দশমিক ৯ পয়েন্ট নিয়ে খারাপ অবস্থানে শ্রীলঙ্কা। প্রতিবেশী ভারত ৭৭ দশমিক ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ৭৯তম স্থানে।