বাংলাদেশের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, একাত্তরের গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশের জনগণ যে কঠোর পরিশ্রম করেছে এবং বিশ্বাসযোগ্য মামলার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সে অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া উচিত। গতকাল মঙ্গলবার ব্রাসেলসে গণহত্যা প্রতিরোধবিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উচ্চপর্যায়ের এ সম্মেলনে সভাপতিত্ব করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ডিডিয়ে রেইনার্ডস। রুয়ান্ডার গণহত্যার দুই দশক পূর্তিতে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ছাড়াও কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্ক, মিসর, আলজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের মন্ত্রীরা অংশ নেন। আগামী দিনে যাতে কোনোভাবেই গণহত্যা না ঘটে, সে ব্যাপারে অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন।

ন্যায়বিচার নিশ্চিত করতে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিচারের স্বচ্ছতা ও দোষীদের অধিকার নিশ্চিত করতে আইসিটি অ্যাক্ট-১৯৭৩-এ আন্তর্জাতিক মান অনুসরণ করা হচ্ছে।