মেক্সিকোতে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সম্মেলনে বাংলাদেশের অভিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উত্থাপনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা ভিসা কেনাবেচা বন্ধ, শ্রমিকদের স্বার্থ রক্ষা, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি ইত্যাদি বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরারও দাবি জানান। আগামী ৮ ও ৯ নভেম্বর মেক্সিকোতে জিএফএমডি সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনকে সামনে রেখে বিশেষজ্ঞদের মতামত নিতে গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরামর্শ সভা আয়োজন করা হয়। এর আয়োজক বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ইউনিফেম।অনুষ্ঠানের প্রধান অতিথি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বলেন, ৭০ লাখ কর্মীসহ প্রায় এক কোটি বাংলাদেশি বিদেশে থাকে। এর সঙ্গে বাংলাদেশের অন্তত পাঁচ কোটি লোক সরাসরি জড়িত। কাজেই দেশের সব উন্নয়ন নীতিতে অভিবাসনের বিষয়টির গুরুত্ব দেওয়া উচিত। মেক্সিকোর সম্মেলনে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি। ইউনিফেমের কর্মসূচি ব্যবস্থাপক নাহিদ আহমেদ, অভিবাসী কর্ম উন্নয়ন সংস্থার (ওকুপ) চেয়ারম্যান শাকিরুল ইসলাম সভায় বক্তব্য রাখেন।