বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি প্রায় সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪৪তম সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরার উদ্দেশে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য রাখেন তিনি। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধানত গত দেড় দশকে প্রবৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরেন। একই সঙ্গে দেশের বিনিয়োগ-সহায়ক আর্থিক নীতিমালা ও দেশের সামনে দেখা দেওয়া কতিপয় চ্যালেঞ্জের বর্ণনা দেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা যে পরিসংখ্যানের মধ্য দিয়ে সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায়, তা হলো জনসংখ্যা বৃদ্ধি এবং জিডিপি (মোট দেশজ উৎপাদন) সম্প্রসারিত হওয়ার হিসাব। গত ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণ বাড়লেও অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ১৮ গুণ। ড. আতিউর রহমান বলেন, চমকপ্রদ এই সাফল্য সত্ত্বেও বাংলাদেশ সেভাবে বিশ্বের দৃষ্টি কাড়তে পারেনি। অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরে সেমিনারে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের সাম্প্রতিক শেয়ারবাজার কেলেঙ্কারির বিষয়ে রাখা প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, তুলনামূলকভাবে ছোট এবং অনেকটা অপরিপক্ক শেয়ারবাজারে ব্যাংকিং খাতের জড়িত হওয়া এবং কালো মুদ্রার অনুপ্রবেশ থেকে বিভ্রান্তিকর যে পরিস্থিতি দেখা দিয়েছিল, সরকার এর মধ্যে তা সামাল দিয়েছে। শেয়ারবাজারে সার্বিক দরপতনের হার কখনোই তিন শতাংশ অতিক্রম করেনি উল্লেখ করে আবদুল মুহিত বলেন, অপরিপক্ক বাজারে বিনিয়োগকারীরা কোনোরকম ক্ষতি হওয়া মেনে নিতে পারেনি এবং বাজার পরিচালনা ব্যবস্থার ত্রুটি সমস্যাকে আরও জটিল করে তোলে। সম্মেলনে গতকাল তিন দিনের সমাবেশের আনুষ্ঠানিকতা পর্বের উদ্বোধন ঘোষণা করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এডিবির প্রেসিডেন্ট হারুহিকো কুরোদা বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে এশিয়ার পক্ষে আরও বেশি ভারসাম্য ও সমতাপূর্ণ টেকসই উন্নয়নের পথে বিশ্বকে এগিয়ে নেওয়ায় নেতৃত্ব প্রদান করা সম্ভব হবে।