শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এখনো বাংলাদেশকে সম্ভাবনার দেশ হিসেবে দেখেন। বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।গত রোববার নিউইয়র্কে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবে বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নোবেলজয়ী এমন মন্তব্য করেন।অধ্যাপক ইউনূস বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার দ্বিতীয় ধাক্কায় যেখানে ইউরোপ কেঁপে উঠছে, সেখানে বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট অর্থনীতিবিদকে স্বাগত জানান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান।জাতিসংঘ ফাউন্ডেশনের বার্ষিক সভায় যোগ দিতে গত রোববার নিউইয়র্কে যান ড. ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে দেশ আরও এগিয়ে যাবে। সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের (এমডিজি) আটটি শর্তের ছয়টিতে এরই মধ্যে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যসীমা অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হবে।দেশের উন্নয়নে শিক্ষাব্যবস্থার পরিবর্তনের তাগিদ দিয়ে বাংলাদেশে ক্ষুদ্রঋণের পথিকৃৎ বলেন, শিক্ষাব্যবস্থার মান নিয়ে যেখানে যুক্তরাষ্ট্রে নানা বিতর্ক হচ্ছে, অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে যাচ্ছে বলে বলা হচ্ছে, সেখানে আমাদের দেশে এটা নিয়ে কেউ ভাবছে না। বিজ্ঞপ্তি।