বাংলাদেশের অস্তিত্বের শিকড় মুজিবনগর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল বিকেলে মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী l প্রথম আলো
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল বিকেলে মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী l প্রথম আলো

মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিশ্বে বৈধতা পেয়েছে। এই সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড়। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করছেন। তাঁকে হত্যার জন্য একাধিক হামলা হয়েছে। দলের মধ্যে এখনো খোন্দকার মোশতাকেরা ঘাপটি মেরে আছে। এদের চিহ্নিত করে নিশ্চিহ্ন করতে হবে।
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু হত্যা করার পর বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করা হয়েছিল। ইতিহাস বিকৃতির অপচেষ্টা করা হয়েছিল। সেই দুর্বিষহ অবস্থা থেকে জাতি পরিত্রাণ পেয়েছে। সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সংকল্পই হলো মুজিবনগর দিবসের তাৎপর্য।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরের আন্দরকিল্লায় দলীয় কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হওয়ায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। মুজিবনগর সরকারের কারণে মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতা পেয়েছে।