বাংলাদেশের আইনই সুন্দরবন রক্ষায় যথেষ্ট

২. রায়ান হুইলার জাতিসংঘের তেল অপসারণবিষয়ক পরামর্শক
প্রশ্ন: সুন্দরবনে তেল দুর্ঘটনার জন্য দায়ী কে বলে মনে করেন?
রায়ান: এই দুর্ঘটনার জন্য কে দায়ী, তা এখনো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। এর আগে ২০১২ সালে ফিলিপাইনে টাইফুনের (ঘূর্ণিঝড়) আঘাতে একটি তেলবাহী নৌযান তীরে আছড়ে পড়ে। এটি থেকে তেল ফিলিপাইন উপকূলে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় জাতিসংঘ থেকে তদন্ত দল কাজ করে। তারা জাহাজ মালিক, বন্দর কর্তৃপক্ষ ও জাহাজটির অনুমোদনকারী কর্তৃপক্ষকে দায়ী করে।
প্রশ্ন: বাংলাদেশের আইন অভিযুক্তকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কি না?
রায়ান: সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশে যথেষ্ট আইন রয়েছে। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন-২০১০, বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২, বন আইন, মংলা বন্দর আইন, বিআইডব্লিউটিএ আইনসহ আরও অনেক আইনে বনে তেল ফেললে কী শাস্তি হবে, তা নির্দিষ্ট করা হয়েছে। বাংলাদেশের আইনই সুন্দরবন রক্ষায় যথেষ্ট।
প্রশ্ন: আইনে তো বছর খানেক জেল এবং হাজার বা লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলা আছে। সুন্দরবনের ক্ষতি কি এই শাস্তি দিয়ে পূরণ সম্ভব।
রায়ান: সুন্দরবনের সম্পদ এখনো হিসাব করে বলা সম্ভব না। কেননা, এই বনের জীববৈচিত্র্য ও প্রতিবেশ ব্যবস্থার অনেক কিছুই বিজ্ঞানীদের অজানা। এ ছাড়া এই বনের প্রাণীদের মধ্যে যে জিনগত সম্পদ রয়েছে, তা অমূল্যই বলা যায়। তবে এই বনের প্রকৃতি ও জীববৈচিত্র্যের পর্যটনগত সম্পদের মূল্য চিহ্নিত করা সম্ভব। যেমন: বিপি কোম্পানি মেক্সিকো উপসাগরে একেকটি পাখির ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ ডলার দিয়েছিল। সেখানে যেসব প্রাণী মারা গিয়েছিল, সেগুলোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও ছিল। আনুষ্ঠানিকভাবে বিপি মোট ৩০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিভাগ যেমন: প্রাণিসম্পদ, বন বিভাগ, বন্য প্রাণী বিভাগ আলাদাভাবে ক্ষতিপূরণ আদায় করেছিল। সব মিলিয়ে ক্ষতিপূরণ ২ হাজার ৫০০ কোটি ডলার বিপিকে দিতে হয়।
প্রশ্ন: এই ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়াটি কেমন ছিল?
রায়ান: কোনো ক্ষতিপূরণ আদায়ের কাজই সহজ না। এ জন্য যুক্তরাষ্ট্র সরকারকে অনেক কঠোর হতে হয়েছিল। বিপি বিশ্বের অন্যতম বড় এবং প্রভাবশালী কোম্পানি। কিন্তু ওবামা প্রশাসন একটি উদাহরণ সৃষ্টি করতে চেয়েছিল। এমন ধরনের দুর্ঘটনা ঘটলে পরিণতি কী হবে, তা ওবামা শাস্তির মধ্য দিয়ে বোঝাতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ যথেষ্ট কঠোরভাবে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা কমে আসবে।
সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে ৫ জানুয়ারি, রাজধানীর গুলশানের একটি হোটেলে।
আরও পড়ুন: