বাংলাদেশের আকাশসীমায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশসীমায় উড়োজাহাজের ভেতর ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান ‘অন এয়ার’কে অনুমতি দেওয়া হয়েছে। এতে করে উড়োজাহাজে বসে ইন্টারনেট ব্যবহার ও ইন্টারনেট টেলিফোন ব্যবহার করতে পারবেন যাত্রীরা।বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) ৫ আগস্ট অনুষ্ঠিত ১৫৭তম সভায় অন এয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়। এতে করে বাংলাদেশের আকাশ দিয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করা কাতার এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইনস, ইত্তেহাদ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস, ওমান এয়ার, ইজিপ্ট এয়ার, হংকং এয়ারলাইনস, রয়্যাল জর্ডানিয়ান ও লিবিয়ান আরব এয়ারলাইনসের যাত্রীরা আকাশে বসে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। অন্যদিকে বাংলাদেশ সরকার অন এয়ারের কাছ থেকে প্রতিবছর আয় করবে দুই হাজার মার্কিন ডলার বা প্রায় দেড় কোটি টাকা।বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের আকাশসীমায় উড়োজাহাজের যাত্রীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পান। তাঁরা ইন্টারনেট টেলিফোনে কথাও বলতে পারেন। কিন্তু উড়োজাহাজটি বাংলাদেশের আকাশে প্রবেশ করলেই এ সুবিধায় বিঘ্ন ঘটে। এতে করে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। তাই অন এয়ারের প্রস্তাব বিটিআরসি অনুমোদন করেছে। এর ফলে সরকারের আয় হবে। অন এয়ারের আবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি উড়োজাহাজ উড্ডয়নের পর কমপক্ষে তিন হাজার মিটার (১০ হাজার ফুট) উচ্চতায় পৌঁছে ১৮০০ মেগাহার্টজ মিটার ব্যান্ডে স্যাটেলাইট লিংক ও আর্থ স্টেশন ব্যবহার করে এ সেবা প্রদান করতে পারবে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের বিনিময়ে সরকারকে নির্দিষ্ট অর্থও পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। আর যাত্রীদের কাছ থেকে নিজ নিজ স্থানীয় মুঠোফোন অপারেটরের বিলিংয়ের মাধ্যমে (রোমিং সেবার মতো) গ্রাহকপর্যায়ে ব্যবহার-মূল্য নেওয়া হবে।অন এয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ধরনের সেবা দিলে দেশের বিদ্যমান টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কে কোনো ধরনের বাধা আসবে কি না, সেসব বিষয়ে বিটিআরসির তরঙ্গ ব্যবস্থাপনা কমিটির কাছে মতামত নেওয়া হয়েছে। কমিটি অন এয়ারের সেবা প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে জানায়।তবে এ সেবা প্রদানের আগে নিরাপত্তাজনিত বাধার বিষয়ে প্রতিষ্ঠানটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশীয় দুটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে এনওসি (নন অবজেকশন সার্টিফিকেট) পেতে হবে।এ নিরাপত্তা ছাড়পত্রের বিষয়ে বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ইতিমধ্যে বিটিআরসি ১৫৭তম সভার কার্যবিবরণী সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়েছে। তিনি জানান, বিটিআরসির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ৩০ দিন, তাগাদাপত্রের আরও ৩০ দিন পার হলে এবং শেষ তাগাদাপত্রের ১৫ দিন, অর্থাৎ মোট ৭৫ দিনের মধ্যে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র দিতে হবে। এর পরও ব্যর্থ হলে নিরাপত্তাজনিত আপত্তি নেই ধরে নিয়ে কমিশন চূড়ান্ত অনুমোদন দেবে।