বাংলাদেশের আগ্রহ পানিসম্পদ ও জলবিদ্যুৎ খাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপালের সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ উৎপাদনে সহযোগী হতে আগ্রহী বাংলাদেশ। এ ব্যাপারে খুব শিগগির ভারতসহ তিন দেশের বিশেষজ্ঞরা আলোচনায় বসবেন।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য দেন। দুপুরে নিজ দপ্তরে নেপালের পররাষ্ট্রসচিব দুর্গাপ্রসাদ ভট্টরাইয়ের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নেপাল ও ভারতকে নিয়ে এবং ভুটান ও ভারতকে নিয়ে দুটি বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে নেপাল ও ভারতের বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী ঢাকা।দুই পররাষ্ট্রসচিব আনুষ্ঠানিক বৈঠক শেষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন। ওই এমওইউর আওতায় এখন থেকে দুই দেশের পররাষ্ট্রসচিবেরা প্রতিবছর নিয়মিত বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস এবং নেপালের পাঁচ সদস্যের নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্রসচিব দুর্গাপ্রসাদ ভট্টরাই।জানা গেছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, পর্যটন, শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। জলবিদ্যুৎ খাতে গুরুত্ব: পানিসম্পদ ব্যবস্থাপনার পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদনে নেপালের সঙ্গে দ্বিপক্ষীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক সহযোগিতা গড়তে চায় বাংলাদেশ। বন্দর ব্যবহারের প্রবল আগ্রহ: চট্টগ্রাম ও মংলা বন্দর নেপালকে ব্যবহারের সুযোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি তাঁর সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান দুর্গাপ্রসাদ ভট্টরাই। তিনি বলেন, ‘আমরা দুই বন্দর ব্যবহারে উদগ্রীব হয়ে আছি।’