বাংলাদেশের ইলিশ চায় পশ্চিমবঙ্গ
গঙ্গায় ইলিশের আকাল দেখা দিয়েছে। দূষণে জর্জরিত গঙ্গা ছেড়ে ইলিশের ঝাঁক এখন বাংলাদেশ ঘুরে মিয়ানমারের ইরাবতী নদীমুখী। ফলে কমছে জোগান।
তবে বাংলাদেশের সুস্বাদু পদ্মা-মেঘনার ইলিশ পেতে ভারত সরকারের কাছে দরবার করেছেন পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আগামী ইলিশ মওসুমের আগেই যাতে বাংলাদেশের ইলিশ আমদানির প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায়, সে জন্য কেন্দ্রীয় কৃষি, বিদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আরজি জানিয়েছেন মন্ত্রী। কেননা, পশ্চিমবঙ্গবাসীর রসনা তৃপ্তিতে ভরসা একমাত্র বাংলাদেশ।
কিন্তু দেশের বাজারে ইলিশের দাম নাগালে রাখার জন্য ২০০৭ সালে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করলেও বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির জন্য যে দাম বেঁধে দিয়েছে, সেই দামে ইলিশ এনে পোষাতে পারছেন না পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। তাই আমদানি একেবারেই বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ যাতে ইলিশ আমদানিতে সহযোগিতা করে, সে জন্য পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানিয়েছেন মৎস্যমন্ত্রী। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধানাথ সিংহের সঙ্গে বিভিন্ন রাজ্যের মৎস্যমন্ত্রীদের বৈঠকেও একই দাবি জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা চাই ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসুক কেন্দ্র।’
বিষয়টি নিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসছেন রাজ্যের মৎস্য দপ্তরের কর্তারা। অবশ্য ইলিশের জন্য বাংলাদেশ-নির্ভরতা কাটাতে জাটকা ধরার ক্ষেত্রে বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গ সরকার যে আইন চালু করেছে, তা কড়াভাবে কার্যকর করার জন্য উদ্যোগী হয়েছে মৎস্য দপ্তর। সেই সঙ্গে গঙ্গার দূষণ রোধেও নানা কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।