ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রামানিয়াম স্বামী গত শুক্রবার বলেছেন, বাংলাদেশের উচিত ক্ষতিপূরণ হিসেবে ভারতকে ভূমি ছেড়ে দেওয়া। বহু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছে অভিযোগ এনে তার বিনিময়ে এ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি।
আসাম রাজ্যের গুয়াহাটিতে নির্বাচনী প্রচারণায় সুব্রামানিয়াম বলেন, ‘বাংলাদেশ থেকে যে সংখ্যায় মানুষ ভারতে অনুপ্রবেশ করছে তাতে আমি উদ্বিগ্ন। বাংলাদেশ যদি ভারতে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে রাজি না থাকে, তাহলে তাদের উচিত ক্ষতিপূরণ হিসেবে ভারতের জন্য ভূমি ছেড়ে দেওয়া।’
সুব্রামানিয়াম বলেন, ‘অনুপ্রবেশ-কারীর সংখ্যা ও ক্ষতিপূরণ হিসেবে ভূমি দেওয়ার দাবিটি একান্তই আমার। এটা আমার দল বিজেপির অবস্থান নয়।’ তিনি আরও বলেন, ‘অনুপ্রবেশের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তা না হলে আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ হুমকির মুখে পড়তে পারে।’ টাইমস অব ইন্ডিয়া।