ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন ট্যান ড্যাঙ বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত। গত সোমবার নিজ কার্যালয়ে সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, ভিয়েতনামের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সব বাধা দূর করার আশ্বাস দেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ভিয়েতনামকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করি এবং একসাথে উন্নয়নের দিকে আগাতে চাই।’ ভিয়েতনাম এই লক্ষ্যে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের ব্যবসায়ী ও নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা সহজীকরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রাঙ্গ ট্যান স্যাঙ ও তাঁর স্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন।
‘হা লং বে’ পরিদর্শন: রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল ভিয়েতনামের কুয়াং নিনহ প্রদেশে ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপনা ‘হা লং বে’ পরিদর্শন করেন। দিনব্যাপী এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পত্নী রাশিদা খানমও ছিলেন। হা লং বের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সফরের আয়োজন করে।