বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত সব সময় তার সহযোগিতার হাত প্রসারিত রাখবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

ভারত সরকারের আমন্ত্রণে আট দিনের সফরে যাওয়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ সাংবাদিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে গতকাল শনিবার বাংলাদেশ সময় বেলা একটায় এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারতের যুব ও ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মন্ত্রণালয়ের সচিব রাজীব গুপ্ত, ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাউন্সিলর সুজিত ঘোষ প্রমুখ।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আত্মত্যাগের ইতিহাস। আর বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তের ও ত্যাগের সম্পর্ক। ১৯৭১ সালের ১৫ জুন আমিই প্রথম ভারতের পার্লামেন্টে বাংলাদেশের মুজিবনগর সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছিলাম।’

বাঙালি এই রাষ্ট্রপতি বলেন, দুদেশের শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন ইতিহাসও রয়েছে। দুদেশ একই ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে। তিনি বলেন, বাংলাদেশ খুব অল্প সময়ে প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশের এ উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে।