বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে প্রধান বাধা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এ বাধা দূর করতে আমরা রাজনৈতিক নেতাদের অর্থবহ আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছার আহ্বান জানিয়েছি।’গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মজীনা এ কথা বলেন। তিনি সপরিবারে চার দিন ধরে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সফর করেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। মজীনা বলেন, পার্বত্য চট্টগ্রাম সফর করে মনে হয়েছে, সত্যি সত্যি বাংলাদেশের একটি অসাধারণ ভবিষ্যৎ রয়েছে। পার্বত্য শান্তিচুক্তির কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আদিবাসী, বাঙালি, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, পাহাড়ের বেশির ভাগ লোকই পার্বত্য চুক্তির বাস্তবায়ন চায়। তবে চুক্তি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে সবাই ভূমি সমস্যার কথা উল্লেখ করেছেন। আমার মতে, পার্বত্য চুক্তি পরিপূর্ণ বাস্তবায়িত হলে পার্বত্য সমস্যার সমাধান হবে। এ জন্য একটি সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।’এর আগে সকালে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়ায় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মজীনা। সেখানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী মো. হাছান মাহমুদ। অনুষ্ঠানে জীববৈচিত্র্যসংক্রান্ত দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, সরকার সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা আট থেকে বাড়িয়ে ৩৪টিতে উন্নীত করেছে। এসব বনাঞ্চল সংরক্ষণের জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়েছে। ড্যান মজীনা বলেন, পরিবেশ রক্ষায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শক্তিশালী অংশীদার। ২০০০ সালে দুই দেশের মধ্যে ১৮ বছরের একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় গঠিত হয়েছে আরণ্যক ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বনাঞ্চল সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএসএইডের মিশন পরিচালক রিচার্ড গ্রিন, আইপ্যাকর ডেপুটি চিফ অব পার্টি রাম শর্মা, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম ফিরোজ প্রমুখ।