বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কেননা মহান মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। এখনো পাশে আছে। ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকতে চায়। বাংলাদেশের সব ধরনের উন্নয়নের অংশীদার হতে চায় ভারত।

বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় গতকাল সোমবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে ভারত সরকারের অর্থায়নে দুটি আবাসিক হোস্টেলের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

বেলা ১১টায় শাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিকা কিসকু। এ সময় বক্তব্য দেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ডেপুটি হাইকমিশনার বলেন, শিক্ষা একটি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে। তাই ভারত শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বিশেষ করে নারী শিক্ষা এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের শিক্ষার উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় নিয়ামতপুরে দুটি মহিলা হোস্টেল নির্মাণে অর্থায়ন করেছে ভারত সরকার। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজে যুক্ত থাকতে চায় ভারত।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ভারত সরকারের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নিয়ামতপুর বালিকা বিদ্যালয় ও কলেজের দোতলা মহিলা হোস্টেল এবং ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে উপজেলার শাংশৈল আদিবাসী স্কুল ও কলেজের দোতলা মহিলা হোস্টেল নির্মাণ করা হয়েছে।