বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সংস্থাটির মহাসচিব বান কি মুনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এ সময় বান কি মুন বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়নের প্রশংসা করেন।
১৯৭৪ সালে সংস্থাটির সদস্যপদ পাওয়ার পর মাসুদ বিন মোমেন হচ্ছেন বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি। তিনি এর আগে জাপানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্য দিয়ে তিনি আগের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেনের স্থলাভিষিক্ত হলেন।
পরিচয়পত্র পেশের সময় মাসুদ বিন মোমেন জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় বান কি মুন সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নের প্রশংসা করেন। তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) অর্জনে বাংলাদেশ আরও বেশি সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বান কি মুন। জাতিসংঘের উদ্যোগে আগামী বছরের সাধারণ পরিষদের অধিবেশনের অব্যবহিত আগে অনুষ্ঠেয় অভিবাসন সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ ২০১৬ সালে ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর সভাপতি হিসেবে অভিবাসন ও উন্নয়নে নেতৃত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাসুদ বিন মোমেন আগামী বছর ‘ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান সামিট’ আয়োজনের উদ্যোগ নেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান। জাতিসংঘে এলডিসি গ্রুপের সভাপতি, শান্তিরক্ষা, শান্তি প্রতিষ্ঠাসহ টেকসই উন্নয়নের বিভিন্ন খাতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আশ্বাস দেন মাসুদ বিন মোমেন।