বাংলাদেশের একটা রৌপ্য ও একটা ব্রোঞ্জ পদক অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএমওতে বাংলাদেশ দলের সদস্য (বাঁ থেকে) মুতাসিম মিম, সানজিদ আনোয়ার, আদিব হাসান, নূর মোহাম্মদ শফিউল্লাহ, সাজিদ আখতার তূর্য ও আসিফ-ই-এলাহী।
আইএমওতে বাংলাদেশ দলের সদস্য (বাঁ থেকে) মুতাসিম মিম, সানজিদ আনোয়ার, আদিব হাসান, নূর মোহাম্মদ শফিউল্লাহ, সাজিদ আখতার তূর্য ও আসিফ-ই-এলাহী।

৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ গণিত দলের সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ শফিউল্লাহ রৌপ্য পদক ও ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী আদিব হাসান ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এ ছাড়া দলের অন্য চার সদস্য সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আখতার ওরফে তূর্য, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আসিফ-ই-এলাহী, ময়মনসিংহ জিলা স্কুলের মো. সানজিদ আনোয়ার ও রাজশাহী কলেজের মুতাসিম ওরফে মিম পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।


বাংলাদেশ দলের নূর মোহাম্মদ শফিউল্লাহ ২২ নম্বর, আদিব হাসান ১৬, সানজিদ আনোয়ার ১৪, আসিফ-ই-এলাহী ১৪, সাজিদ আখতার ১০ ও মুতাসিম ৮ নম্বর পেয়েছে। বাংলাদেশের মোট ৮৪ নম্বর। এটিই এখন পর্যন্ত বাংলাদেশ দলের দলীয় সর্বোচ্চ নম্বর।

আদিব হাসান
আদিব হাসান

বাংলাদেশ সময় আজ শনিবার ভোর রাতে আইএমও বিচারকদের চূড়ান্ত সভায় পদক নির্ধারণের পর বাংলাদেশের এই ফলাফল নিশ্চিত হয়েছে। ফলাফল সম্পর্কে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দলের সবাইকে শুভেচ্ছা। এবার আমরা দলীয়ভাবে আইএমওতে ১০ বছরের সবচেয়ে ভালো ফলাফল করেছি। রৌপ্য পদকটা আমাদের প্রত্যাশিত ছিল। দলের নতুন সদস্যরা ভালো করেছে। আশা করি, তারা সামনে আরও ভালো করবে।’

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি এই খবরটা শুনে খুবই খুশি হয়েছি। দলের সবাইকে আমার অভিনন্দন ও ভালোবাসা। এ ছাড়া গণিত অলিম্পিয়াড আয়োজনে যারা সহযোগিতা করে তাদের প্রতি কৃতজ্ঞতা।’

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গণিত দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই ফলাফল দেশের জন্য অনেক সম্মানের। আশা করি, সামনে আরও ভালো করবে এবং আমাদের শিক্ষার্থীরা স্বর্ণ পদক নিয়ে আসবে।’

বাংলাদেশে দলের দলনেতা ও কোচ মাহবুব মজুমদার দলের ফলাফলে খুশি হলেও সম্পূর্ণ সন্তুষ্ট নন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আরও ভালো করার সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রমের অভাবে তাদের ফল ভালো হচ্ছে না।’ তিনি ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও নিষ্ঠার সঙ্গে অনুশীলন করবে বলে আশা প্রকাশ করেছেন।

নূর মোহাম্মদ শফিউল্লাহ
নূর মোহাম্মদ শফিউল্লাহ



চলতি বছর ১০১টি দেশের মধ্যে মোট ২০১ পয়েন্ট পেয়ে দলগুলোর মধ্যে শীর্ষস্থানে বজায় রেখেছে চীন। চীনের শিক্ষার্থীরা পাঁচটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক পেয়েছে। ১৯৩ ও ১৯২ নম্বর পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১১০ নম্বর নিয়ে তালিকার ৩৯তম স্থানে, বাংলাদেশ ৮৪ পয়েন্ট পেয়ে ৫২তম স্থান, শ্রীলঙ্কা ৮২ নম্বর নিয়ে ৫৪ এবং পাকিস্তান ৫০ নম্বর পেয়ে ৭৫তম স্থানে রয়েছে। তিনজন প্রতিযোগী সম্ভাব্য ৪২ নম্বরের মধ্যে ৪২ পেয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। তারা হলো অস্ট্রেলিয়ার আলেকজান্ডার গানিং, চীনের ঝিয়াং গাও এবং তাইওয়ানের পো শেং উ।

এবারের আইএমওতে ১০১টি দেশের ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৫০৪ জন এবং নারী শিক্ষার্থী ৫৬ জন। মোট স্বর্ণ পদক পেয়েছে ৪৯ জন, রৌপ্য পদক পেয়েছে ১১৩ জন ও ব্রোঞ্জ পদক পেয়েছে ১৩৩ জন। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ১৫১ জন। আইএমওতে মোট ৪২ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে যেসব শিক্ষার্থী ২৯-এর বেশি নম্বর পেয়েছে তাদের স্বর্ণ পদক, ২২ থেকে ২৮ নম্বর পর্যন্ত যারা পেয়েছে তাদের রৌপ্য পদক এবং যারা ১৬ থেকে ২১ নম্বর পেয়েছে তাদের ব্রোঞ্জ পদক দেওয়া হয়।
আজ সব দেশের শিক্ষার্থীসহ দলের সব সদস্যকে কেপটাউনের ওয়াটার ফ্রন্ট এবং পার্শ্ববর্তী রোবেন দ্বীপে যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড।

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় গণিত উত্সবের মাধ্যমে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।