বাংলাদেশের এভারেস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী অ্যাডভেঞ্চার উৎসবের আয়োজন করছে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি)। অ্যাডভেঞ্চারকে জনপ্রিয় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৯ মে পর্যন্ত চলবে এ উৎসব। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘শাহ সিমেন্ট অ্যাডভেঞ্চার ফেস্ট’ নামের এই উৎসব সম্পর্কে বিস্তারিত জানানো হয়।সংবাদ সম্মেলনে এনএসিবির সাধারণ সম্পাদক মুসা ইব্রাহীম জানান, বাংলাদেশ ৬৭তম দেশ হিসেবে গত বছরের ২৩ মে এভারেস্ট জয় করে। আর বিশ্বে প্রথমবারের মতো এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপা ১৯৫৩ সালের ২৯ মে এভারেস্ট জয় করেছিলেন। এ কারণেই ২৩ থেকে ২৯ মে অ্যাডভেঞ্চার উৎসবের আয়োজন করা হয়েছে। সম্মেলনে এনএসিবির সভাপতি আনিসুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে ২৩ মে একটি স্মরণীয় দিন। সমতল ভূমির মানুষ হয়েও মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় উদ্যাপন করার মতোই একটা ঘটনা। সম্মেলনে এক্সট্রিম বাংলার সভাপতি কাজী হামিদুল হক, শাহ সিমেন্টের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. ইব্রাহীম খলিল ও এনএসিবির সহসভপাতি পল্লব মোহাইমেন বক্তৃতা করেন।‘সপ্তাহজুড়ে অ্যাডভেঞ্চার’ স্লোগানে এ উৎসবে নানা আয়োজন থাকছে। ২৩ মে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অ্যাডভেঞ্চার মেলার উদ্বোধনী অনুষ্ঠান। মেলা চলবে ২৭ মে পর্যন্ত। এতে অ্যাডভেঞ্চার চলচ্চিত্র প্রদর্শনীও থাকছে। ২৭ মে টিএসসিতে সাইকেল শোভাযাত্রা ও চারুকলা অনুষদে শিশুদের জন্য অ্যাডভেঞ্চার গেম শো থাকছে। ২৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভারেস্ট রান মিনি ম্যারাথন, ওয়াকাথন ও স্কেটিং এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে আন্তবিশ্ববিদ্যালয় ট্রায়াথলন প্রতিযোগিতা। ২৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে হবে জুমার ক্লাইম্বিং প্রতিযোগিতা। ২৯ মে বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।