বাংলাদেশকে প্রতি ডলার বৈদেশিক সাহায্যের বিপরীতে দেড় ডলার ঋণ পরিশোধ করতে হয়। এটি এমডিজি অর্জনের পথে মূল বাধা। বিশ্ব ব্যাংক ও আইএমএফের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ঋণ-রপ্তানি অনুপাত ১৪৬ শতাংশ। এ হার প্রয়োজনীয় ন্যূনতম মান দেড় শ শতাংশের নিচে হওয়ায় বাংলাদেশ চরম ঋণগ্রস্ত দরিদ্র দেশগুলোর উদ্যোগ বা বহুমুখী ঋণ মওকুফ উদ্যোগের আওতায় কোনো সুবিধা পাচ্ছে না।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে আয়োজিত ‘সোশ্যাল ওয়াচ বার্ষিক প্রতিবেদন-২০১০’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। প্রতিবেদনে বলা হয়, বিশ্বে এমডিজি লক্ষ্য অর্জনে বছরে ১০০ থেকে ১২০ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে, যা মোট বিশ্ব জিডিপির শূন্য দশমিক ৫ শতাংশ। সরকারি হিসাবে বাংলাদেশের লাগবে বছরে ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।রাশেদা কে চৌধুরী বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) নিয়ে জাতিসংঘে উপস্থাপিত বাংলাদেশের প্রতিবেদনে ‘প্রক্রিয়াগত সীমাবদ্ধতা’ ছিল। ওই প্রতিবেদন তৈরিতে সর্বস্তরের জনগণের, বিশেষ করে গণমাধ্যম ও সুশীল সমাজের কোনো সম্পৃক্ততা ছিল না। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় নিয়ে সরকার তাদের শক্ত অবস্থান থেকে সরে এসেছে।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার, প্রজনন বা মাতৃ-শিশু স্বাস্থ্য এবং শিক্ষাকে সূচক ধরে গড় করে দেখা গেছে, ২০০০ ও ২০১০ সালে বাংলাদেশের অবস্থান একই রয়েছে। কোনো উন্নতি হয়নি। এ ক্ষেত্রে নেপাল ও ভারতের কিছুটা অগ্রগতি হয়েছে। বাংলাদেশের দারিদ্র্যসীমার নিচে বাস করে ৪১ দশমিক ২ শতাংশ মানুষ। এদের মধ্যে ৯ দশমিক ৩ শতাংশ আবার চরম দরিদ্র। এ জন্য জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যকে দায়ী করেছে উন্নয়ন সমন্বয়।শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার আগেই ৪৭ শতাংশ শিক্ষার্থী ঝরে যায়। দারিদ্র্য ও স্বাস্থ্যজনিত (অপুষ্টি ও অন্যান্য রোগ) কারণে এসব শিশু ঝরে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্বাস্থ্যগত ক্ষেত্রে পাঁচ বছরের নিচের মোট শিশুর প্রায় অর্ধেকই অপুষ্টিতে ভুগছে। প্রতি তিনটি শিশুর একটি কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। অন্যদিকে অপুষ্টি ও অন্যান্য জটিলতায় পাঁচ বছরের নিচের প্রায় ৪৮ দশমিক ৬ শতাংশ শিশুর শরীর ঠিকমতো বাড়ছে না। তবে মাতৃমৃত্যুর হার ২০১০ সালে এসে কমেছে। এখন তা লাখে ৩৩৮ জন। ২০০০ সালে ছিল লাখে ৭২৪।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ গত তিন দশকে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। প্রতিবেদনে বলা হয়, যেহেতু পরিবেশ দূষণের জন্য উন্নত দেশগুলো দায়ী, সে জন্য দাতাগোষ্ঠীর অতিরিক্ত অনুদান-সাহায্য দেওয়া উচিত। বিশ্বব্যাংক ও আইএমএফের আর্থিক ব্যবস্থাপনারও পরিবর্তন প্রয়োজন।অনুষ্ঠানে প্রতিবেদনের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন উন্নয়ন সমন্বয়ের রিসার্চ ফেলো আখতার হোসেন।