বাংলাদেশের ওপর বিশেষ সংখ্যা প্রকাশ করবে ল্যানসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত স্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট বাংলাদেশের স্বাস্থ্য-পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো বিশেষ সংখ্যা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশি ও আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানীদের লেখা প্রবন্ধ নিয়ে এটি ২০১২ সালের জুন-জুলাই মাসে প্রকাশিত হবে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উপপরিচালক আব্বাস ভূঁইয়া এবং যুক্তরাষ্ট্রের রকফেলার ফাউন্ডেশনের সহযোগী পরিচালক মোশতাক রাজা চৌধুরী বিশেষ সংখ্যার পরিকল্পনা ও প্রকাশনার সমন্বয় করছেন। মোশতাক রাজা চৌধুরী প্রথম আলোকে বলেন, খাওয়ার স্যালাইন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচির মতো অনেক সফল উদাহরণ বাংলাদেশের আছে, যা সারা বিশ্বের জন্য অনুসরণযোগ্য। তিনি বলেন, ‘সরকারি, বেসরকারি ও দাতাগোষ্ঠীর নানা উদ্যোগের পরও বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক বেশি। মৃত্যুহার কমানোর বাধাগুলো কোথায়, তা খতিয়ে দেখার পাশাপাশি সমাধানের ব্যাপারেও বিশ্লেষণ থাকবে ল্যানসেট-এ।’১৮২৩ সালে ল্যানসেট-এর প্রকাশনা শুরু হয়। বর্তমানে লন্ডন ও নিউইয়র্ক থেকে একযোগে প্রতি সপ্তাহে এটি প্রকাশিত হয়। স্বাস্থ্য বিষয়ে নীতিনির্ধারণের ক্ষেত্রে ল্যানসেট-এর বিশেষ প্রভাব আছে। বিষয়টি জেনে বিশিষ্ট শিশুপুষ্টিবিজ্ঞানী অধ্যাপক এম কিউ কে তালুকদার বলেন, ‘ল্যানসেট যদি বিশেষ সংখ্যা প্রকাশ করে, তবে তা বাংলাদেশের স্বাস্থ্য-ব্যবস্থার জন্য বড় ধরনের ইতিবাচক ধাক্কা হবে।’ মোশতাক রাজা চৌধুরী বলেন, আগামী অক্টোবর মাসে ল্যানসেট-এর এ বিশেষ সংখ্যার পরিকল্পনা সভা হবে। এতে বিষয় এবং লেখকদের বাছাই করা হবে।