বাংলাদেশের কথা কখনো ভুলব না: রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, ‘সিলেট আমার জন্মস্থান, এই সিলেট আমাকে অনেক কিছুই দিয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার পেছনে আপনাদের দোয়া ও সমর্থন পেয়েছি। আপনাদের প্রতি আমার প্রতিশ্রুতি, আমি বাংলাদেশের কথা কোনো দিন ভুলতে পারব না, ভুলব না।’ গতকাল শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনায় তিনি এ কথাগুলো বলেন।রুশনারা বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে আমি প্রথম মুসলিম নারী বাঙালি এমপি। নারীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পার্লামেন্টে একটা জোরালো কণ্ঠস্বর প্রয়োজন ছিল।’ রুশনারা যুক্তরাজ্যসহ বিদেশে অবস্থানরত বাঙালি কমিউনিটিকে বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি আমার খেয়াল ও সমর্থন সব সময় কাজ করে।’সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে নাগরিক সংর্বধনায় রুশনারাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কবির হোসেন, লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা প্রমুখ।বক্তারা রুশনারাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘রোশনারা আলী আমাদের গর্ব। আমাদের অনেক বড় সম্পদ। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।’ লন্ডনে পড়তে যাওয়া বাংলাদেশি তরুণদের নানা সমস্যা, দুদর্শা ও সেখানকার রেস্তোরাঁয় কাজ করতে যাওয়া বাংলাদেশিদের প্রতি বিশেষ দৃষ্টি ও সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে কাজ করতে রুশনারা আলীর প্রতি আবেদন জানান বক্তারা।রুশনারা আলী বলেন, ‘ব্রিটিশ এমপি হওয়ার পর এটি আমার প্রথম বাংলাদেশ সফর। এখানে আমি বারবার ফিরে আসব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে আমি বাংলাদেশের জন্য কাজ করছি।’ সংবর্ধনা শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।