একুশ আগস্টের গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিচারকাজে দীর্ঘসূত্রতার কারণে বাংলাদেশের কাছে কৈফিয়ত চেয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মানবাধিকার কমিটি। এ বিষয়ে আইপিইউ আজ রোববার শুনানির আয়োজন করে।
বৈঠকে সভাপতিত্ব করেন আফগানিস্তানের সাংসদ ফৌজিয়া কাফি। শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
শুনানি শেষে মঈন উদ্দীন খান বলেন, ‘আমরা শুনানিতে মামলার বিচারে বিলম্বের কারণ ব্যাখ্যা করেছি। জানিয়েছি, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের জজ মিয়া নাটকের কারণে মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এরপর বর্তমান সরকার ক্ষমতায় এসে মামলাটির বিচারের জন্য নতুন করে উদ্যোগ নেয়। কিন্তু মামলার বিচার করতে গিয়ে একে একে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, একাধিক জেনারেল ও পুলিশের কর্মকর্তার নাম এসেছে। সেগুলো যাচাই-বাছাই করে বিচারকাজ চলছে। এটা যথাযথভাবে যাচাই না হলে আপনারাই (আইপিইউ) মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলবেন।’
মঈন উদ্দীন খান আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে তিনবার আপত্তি জানানোর এই মামলার বিচার বিলম্ব হচ্ছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শতাধিক নেতা-কর্মী আহত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ-সংক্রান্ত দুটি মামলায় সাবেক উপমন্ত্রী পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
একই বছর শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড ঘটে।