বাংলাদেশের কাছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা শিখবে বিশ্ববাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়, সেই শিক্ষা বাংলাদেশের কাছ থেকে নেবে বিশ্ববাসী। আজ শনিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেন।
জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ওই সেমিনারে বিভিন্ন দেশ থেকে আসা গবেষকেরা বাংলাদেশের মানুষের জলবায়ু পরিবর্তন মোকাবিলার শক্তির প্রশংসা করেন। এ দেশের মানুষকে দেখে তাঁরা নিজ দেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার ক্ষেত্রে শিক্ষা নিচ্ছেন বলে জানান।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে, তা তাদের কাছ থেকে জানতে কাজ করবে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স একাডেমি নামের একটি প্রতিষ্ঠান। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইক্যাড), জাতিসংঘ বিশ্ববিদ্যালয় ও মিউনিখ রি ফাউন্ডেশনের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব শুরু হয়েছে তা খুব সামান্যই। সামনের দিনে এই পরিবর্তন আরও খারাপভাবে টের পাওয়া যাবে। ফলে সেই সময়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’ বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের পরীক্ষাগার হিসেবে বর্ণনা করে আইনুন নিশাত বলেন, ‘এই পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কৌশল বিশ্ববাসীর কাছে অনুসরণীয় হতে পারে।’
স্বাগত বক্তব্যে আইক্যাডের পরিচালক সালেমুল হক বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে। কিন্তু এর বেশির ভাগই মানসম্পন্ন নয়। খুব কম গবেষণাই আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশিত হয়েছে। রেজিলিয়ান্স একাডেমি এই মানসম্পন্ন গবেষক তৈরি ও গবেষণা করবে, যাতে বাংলাদেশসহ বিশ্বের নীতিনির্ধারকেরা এ থেকে সহায়তা পেতে পারে। প্রতিষ্ঠানটির সামনের দিনের কার্যক্রম পর্যালোচনা করতে বাংলাদেশে এসেছিলেন বিশ্বের জলবায়ুবিষয়ক ৪৩ জন গবেষক। ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা সাভারে ব্র্যাকের সিডিএম সেন্টারে নিবিড় আলোচনায় বসেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে কীভাবে মানুষ টিকে আছে, তা বুঝতে তাঁরা গতকাল শুক্রবার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর ও রাজধানীর মিরপুরের ভোলা বস্তিতে যান।
বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএসএস) নির্বাহী পরিচালক মো. রহমানের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান কোকো ওয়ার্নার, মিউনিখ রি ফাউন্ডেশনের চেয়ারম্যান থমাস লস্টার।