বাংলাদেশের কাছে নৌযান হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কাছে আধুনিক নৌযান ‘কাটার জার্ভিস’ হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার আলামোডার কোস্ট গার্ড আইল্যান্ডে গতকাল বৃহস্পতিবার নৌযানটি হস্তান্তর করা হয়। বাংলাদেশের কাছে হস্তান্তরের পর এ নৌযানের নতুন নাম দেওয়া হয়েছে বিএনএস সমুদ্র জয়। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নৌযান হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ ফরিদ আহমেদ ও মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার পল এফ জুকুন্ফট উপস্থিত ছিলেন। এক্সেস ডিফেন্স আর্টিকেলসের (ইডিএ) আওতায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক কেনাকাটার (এফএমএস) আওতায় এ নৌযান হস্তান্তর করা হয়েছে। এ বছরের শেষ দিকে নৌযানটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী ৩৭৮ ফুট দীর্ঘ কাটার জার্ভিস জলসীমায় আইনশৃঙ্খলা রক্ষা, সেনা অভিযান এবং উদ্ধার তৎপরতায় নিয়োজিত একটি উন্নত প্রযুক্তির যান। এ নৌযানে বিমান বিধ্বংসী একটি ৭৫-৭৬ এমএম মেশিনগান, দুটি ২৫ এমএম মেশিনগান, হেলিকপ্টার উড্ডয়নের ডেক ও ডেক অপসারণ উপযোগী হ্যাঙ্গার রয়েছে।