১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর অত্যাচার-নির্যাতনের জন্য দেশটিকে বাংলাদেশের কাছে নিছক দুঃখ প্রকাশ নয়—পরিপূর্ণ ক্ষমা চাওয়া উচিত। এতে করে পাকিস্তানও দেখাতে পারবে, তাদের ভুল স্বীকার করার ‘সৎ সাহস’ রয়েছে। গতকাল রোববার প্রকাশিত এক সম্পাদকীয়তে এমন মন্তব্য করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি মাসে ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার সম্প্রতি ঢাকা সফর করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ’৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকাণ্ডের জন্য ইসলামাবাদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। সম্পাদকীয়তে বলা হয়, একাত্তরে বিপুলসংখ্যক বাঙালির ওপর গণহত্যা ও অনাচার চালানোর জন্য বাংলাদেশ পাকিস্তানি সরকারের কাছ থেকে একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রত্যাশা করে। যদিও ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ‘দুঃখ’ প্রকাশ করেছিলেন।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিনার বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে বলা হয়—ইসলামাবাদ ও ঢাকার মধ্যে এখনো ‘কিছু অমীমাংসিত বিষয়’ রয়ে গেছে। জবাবে হিনা রাব্বানি মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তান ইতিমধ্যে বিভিন্নভাবে ক্ষমা চেয়েছে এবং এখন সময় এগিয়ে যাওয়ার।’দ্য ডন-এর সম্পাদকীয়তে এসব বিষয় উল্লেখ করে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির (আওয়ামী লীগ) সক্রিয় কর্মী, বুদ্ধিজীবী ও সাধারণ সমর্থকদের হত্যা করেছিল—এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পাকিস্তানের তৎকালীন নেতারা কী ভুল করেছিলেন, তা বর্তমান নেতৃত্বের অবশ্যই বোঝা উচিত। কেবল নিছক দুঃখ প্রকাশ নয়, এ জন্য তাঁদের উচিত পরিপূর্ণ ক্ষমা প্রার্থনা করা—যা ঢাকার জন্য গ্রহণযোগ্য হবে।