পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) বাংলাদেশের কারণে আটকে নেই।গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত টিকফা চুক্তির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গত শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনায় মন্তব্য করেছেন, টিকফা সই না হলে মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে না বাংলাদেশ।মার্কিন রাষ্ট্রদূতের এ মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রসচিব কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র আমাদের আরও সহায়তা করতে পারে। মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। যুক্তরাষ্ট্রের কাছে শুল্কমুক্ত সুবিধা পেলে আমাদের অতিরিক্ত ৩২ শতাংশ আয় হতে পারে, যার মাধ্যমে আমরা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন করতে পারি।’মিজারুল কায়েস বলেন, কারও মন্তব্যের পাল্টা কোনো মন্তব্য করতে চাই না। একাধিক আইএলও সনদ সই ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি সইয়ের মাধ্যমে শ্রমিকদের স্বার্থরক্ষায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। তা ছাড়া এ দেশের শ্রমমানও বেশ ভালো।টিকফা চুক্তি সই কেন হচ্ছে না জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, সামান্য মতপার্থক্য ছাড়া দুই পক্ষের মধ্যে কোনো মতবিরোধ নেই। তবে এটি বাংলাদেশের কারণে আটকে নেই।বাংলাদেশ-ভারত প্রসঙ্গ: সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিভিন্ন সময় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে ঢাকা। মিজারুল কায়েস গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘তিস্তা চুক্তি সই, সীমান্ত প্রটোকল বাস্তবায়নসহ সহযোগিতার বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছি।’তিস্তা চুক্তির অগ্রগতি সম্পর্কে মিজারুল কায়েস বলেন, ভারত আমাদের আশ্বস্ত করেছে, নিজেদের অভ্যন্তরীণ আলোচনা দ্রুত শেষ করে তারা চুক্তিটি সই করতে চায়।সীমান্ত প্রটোকল বাস্তবায়ন প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, এটি সম্প্রতি ভারতের নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে। এরপর এটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর লোকসভায় উত্থাপন করা হবে।পররাষ্ট্রসচিব জানান, টিপাইমুখ প্রকল্প নিয়ে যৌথ সমীক্ষার জন্য ভারতের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে আগামী ২৭ ও ২৮ দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হবে। টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা কীভাবে পরিচালিত হবে, তা নিয়েই দুই দেশের বিশেষজ্ঞরা ওই বৈঠকে আলোচনা করবেন। তিনি জানান, গত ২৪ জুলাই অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব বৈঠকে ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ-নেপাল বৈঠক: পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে নিয়মিতভাবে পররাষ্ট্রসচিব বৈঠক আয়োজনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রসচিবদের আনুষ্ঠানিক বৈঠক শেষে এমওইউ সই হবে।