বাংলাদেশের ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিজয়ী হওয়ায় বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার পৃথক বার্তায় তাঁরা এ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি এ ম্যাচে বিজয়ী হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ দল ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, এক অভিনন্দনবার্তায় শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দল ও বিসিবির সব কর্মকর্তাকে এই ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার ফলেই এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে এবং একদিন বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জয় করবে।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে এ জয়ের দ্বারপ্রান্তে প্রধানমন্ত্রী ম্যাচটি সরাসরি উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। বিসিবির সভাপতি নাজমুল হাসানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।