বাংলাদেশের গণতন্ত্র এখন মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত দুই দশকের চর্চার ফলে বাংলাদেশের গণতন্ত্র এখন মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের পার্লামেন্টের ৩৭ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের জানান।
ঢাকায় ২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা সারা বিশ্বের পার্লামেন্ট সদস্যদের মধ্যে ভাব বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এর ফলে বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুসংহত হবে।
২৬তম কমনওয়েলথ পার্লামেন্টারি সেমিনারের জন্য বাংলাদেশকে বাছাই করায় প্রধানমন্ত্রী সিপিএকে ধন্যবাদ জানান। সেমিনারের জন্য ‘সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ’ শীর্ষক এ সময়োচিত বিষয় বাছাই করার জন্য আয়োজকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে কমনওয়েলথ দেশগুলোতে সংসদীয় গণতন্ত্র জোরদার হবে।
বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা নারী নেতৃত্বকে সর্বোচ্চ আসন দিয়ে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। এ প্রসঙ্গে তাঁরা প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা ও বিরোধী দলীয় নেতার আসনে নারীর অবস্থানের কথা উল্লেখ করেন।