বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে আজ লন্ডনে সেমিনার
বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে আজ লন্ডনে। হাউস অব লর্ডসের একটি কমিটি কক্ষে এ সেমিনারের আয়োজন করেছে একদল ব্রিটিশ পার্লামেন্টারিয়ান। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এতে অংশ নেবেন। ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সর্বদলীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লর্ড অ্যাভবেরি সেমিনারের উদ্যোক্তা। সভায় কো-চেয়ার হিসেবে থাকবেন ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় কমিটির চেয়ারম্যান এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মেইন এমপি। সভায় ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষ হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের কয়েকজন সদস্য ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য অংশ নেবেন বলে কথা রয়েছে।
বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার পরিস্থিতি ছাড়াও ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়টিও সভায় বিশেষভাবে আলোচনা হতে পারে। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ও মানবাধিকার বিষয়ে গত বছরের ৩ ও ৪ ডিসেম্বর উদ্যোক্তারা একই ধরনের সেমিনারের আয়োজন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আজকের এ সভার আয়োজন।
সভায় অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শমসের মবিন চৌধুরী ও নওশাদ জমির ইতিমধ্যে লন্ডনে এসে পৌঁছেছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা এইচ টি ইমাম ও মসিউর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাংসদ সাবের হোসেন চৌধুরী ও তারানা হালিম সেমিনারে অংশ নিতে লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত কোনো বৈঠক নেই। তবে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা তাঁরা নাকচ করে দেননি।