
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত সেমিনারের আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের সংবাদমাধ্যম আসলে কতটা মুক্ত? আলোচনায় অংশ নেওয়া সাংবাদিক নেতাদের বড় অংশের মত, সংবাদমাধ্যমের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। তাঁদের যুক্তি হচ্ছে, দেশে গণমাধ্যমের সংখ্যা অনেক বেড়েছে। তবে এ মতের বিপক্ষে বক্তাদের কেউ কেউ বলেন, সংবাদমাধ্যমগুলো ভয়ভীতি বা চাপমুক্ত হতে পারেনি এখনো।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের বর্তমান চিত্র’ শীর্ষক এই সেমিনারে ঘুরেফিরে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের (আরএসএফ) সদ্য প্রকাশিত দুটি প্রতিবেদনের কথা। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাংবাদিকেরা প্রতিদিন সরকারি বাহিনী কিংবা উগ্রবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হুমকি পাচ্ছেন। শীর্ষস্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে, নানা কৌশলে হয়রানি করার মাধ্যমে সরকারের সমালোচনা থেকে তাঁদের বিরত থাকার বার্তা দেওয়া হচ্ছে। আর আরএসএফের প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১৪৪ থেকে পিছিয়ে ১৪৬-এ গেছে।
সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তথ্য বিকৃতকারী, উসকানিদাতা, চক্রান্তকারীরা চাপে রয়েছে। কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিক চাপে নেই। তিনি অ্যামনেস্টির প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট, উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন। তিনি বলেন, অ্যামনেস্টি স্বাধীনতাযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার পরও টুঁ শব্দ করেনি।
তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৩৫টি অনলাইন পোর্টাল বন্ধ করা হয়েছে। তার কোনোটিই সরকারের বিরোধিতার জন্য নয়, বরং ধর্মীয় বিদ্বেষমূলক লেখা প্রকাশের জন্য প্রশাসনের নির্দেশে ওই পোর্টালগুলো বন্ধ হয়।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম আংশিক মুক্ত। সংবাদমাধ্যমগুলোর ওপর রাষ্ট্র (স্টেট অ্যাক্টর) ও রাষ্ট্র নয় এমন ব্যক্তি বা গোষ্ঠীর (নন-স্টেট অ্যাক্টর) তরফ থেকে চাপ প্রয়োগ করা হয়ে থাকে। এখানে রাষ্ট্রের তরফ থেকে চাপ না থাকার উজ্জ্বল দৃষ্টান্ত হলো অ্যামনেস্টির প্রতিবেদন সব কটি পত্রিকায় ছাপা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, রাষ্ট্রের তরফ থেকে চাপ প্রয়োগের বিষয়টি একেবারেই অনুপস্থিত বলেই সংবাদমাধ্যমের সংখ্যা এত বেড়েছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের মতে, বাংলাদেশের সংবাদমাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা কি সকলে জোর গলায় বলতে পারব আমাদের সব সমস্যা শেষ হয়ে গেছে? অন্ততপক্ষে আমি বলতে চাই, এই সমস্যাগুলো থেকে আমরা এখনো মুক্তি পাইনি। সংবাদমাধ্যমের জন্য সমস্যা আছে, চাপ আছে, ভয়ভীতিও আছে।’
তবে সংবাদমাধ্যমের সংখ্যা বাড়া মানেই সংবাদমাধ্যমের স্বাধীনতা কি না, এ নিয়ে প্রশ্ন তোলেন যুগান্তর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের সম্প্রসারণ হয়েছে। কিন্তু অনেক সময় যুক্তি খুঁজে পাই না, শুধু নারায়ণগঞ্জের মতো জায়গায় কেন ২৫টা পত্রিকা? এতে কি সাংবাদিকতা বিকশিত হচ্ছে? সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হচ্ছে? আমরা কি গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি?’
আলোচনায় অংশ নিয়ে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার আদালত অবমাননা আইনের সংস্কার চান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী নিবর্তনমূলক কোনো আইন না করার অনুরোধ জানান। তিনি সাংবাদিক হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করারও দাবি জানান।
ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ভালো সাংবাদিকদের অনেককে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। এই প্রেক্ষাপটে ‘ফ্রিডম অব প্রেস’, ‘ফ্রিডম অব স্পিচ’ শব্দগুলো কীভাবে বিবেচিত হবে?
স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সঞ্চালনা করেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। সেমিনারটি আয়োজনে সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা এমআরডিআই ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট, সুইডেন।