বাংলাদেশের চালে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উৎপাদিত চালে আর্সেনিক থাকার আশঙ্কা প্রবল। দেশের ভূগর্ভস্থ পানিতে উচ্চমাত্রায় ক্ষতিকর এই রাসায়নিকের অস্তিত্ব থাকা নিয়ে এক গবেষণায় বিষয়টি বেরিয়ে এসেছে। পিএলওএস ওয়ান নামের সাময়িকী গত সোমবার এমন তথ্যসংবলিত একটি নিবন্ধ প্রকাশ করে।
গবেষণায় সংশ্লিষ্ট বিজ্ঞানীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশের উৎপাদিত চালের ভাত খেয়ে আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। আর্সেনিক দূষণকবলিত একটি জেলার ১৮ হাজার ৪৭০ জন স্বেচ্ছাসেবীর দেওয়া নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, যাঁরা বেশি পরিমাণ চালের ভাত খেয়েছেন তাঁদের প্রস্রাবে, যাঁরা কম পরিমাণ চালের ভাত খেয়েছেন তাঁদের তুলনায় অধিক মাত্রায় আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গেছে।
বিজ্ঞানীরা আরও বলেন, গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে বেশি ভাত খাওয়া ব্যক্তিদের ত্বকের ক্ষতের মতো আর্সেনিক সংক্রমণজনিত অন্যান্য লক্ষণও বেশি পরিলক্ষিত হয়েছে।