প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ট্রানজিটের জন্য মাশুল কী হবে সেটি বাংলাদেশের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে। তবে মাশুলের হার নির্ধারণের ক্ষেত্রে বাজার-সংশ্লিষ্ট উপাদান ও অবকাঠামো নির্মাণের বিনিয়োগের বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোতে যোগাযোগব্যবস্থা শক্তিশালীকরণ-বিষয়ক সংলাপের সমাপনী অধিবেশনে গওহর রিজভী এ মন্তব্য করেন। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এক দিন আগে ওই সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ট্রানজিট ব্যবহারকারী দেশের কাছ থেকে অর্থ আদায়ের সময় অবকাঠামো নির্মাণের খরচের সঙ্গে নির্ধারিত মাত্রায় লাভের হার যুক্ত করা যাবে না। মোট কথায়, ট্রানজিটের মাশুল মানে রাজস্ব আদায় কিংবা সুরক্ষা ব্যবস্থা নয়। রাজধানীর একটি হোটেলে জাতি সংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) যৌথ আয়োজনে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের পাঁচটি কর্ম অধিবেশনে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা শক্তিশালী করতে কিছু সুপারিশ করা হয়।
সংলাপের শেষে খসড়া সুপারিশমালা উপস্থাপন করেন ইউএনএসকাপের যোগাযোগ বিশেষজ্ঞ লি ইউওই। সমাপনী অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন ইউএনএসকাপের প্রধান অর্থনীতিবিদ নাগেশ কুমার ও বিসের মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদুল হক।
গওহর রিজভী তাঁর বক্তব্যে বলেন, ট্রানজিটের মাশুল আদায়ের বিষয়টি যাতে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার উদ্যোগকে ভেস্তে না দেয়, সেটি বিবেচনায় রাখতে হবে। ট্রানজিট চালুর ব্যাপারে নানা বিতর্ক হলেও এ দেশের অধিকাংশ মানুষ যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার পক্ষে। তা ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশে এখন গণতান্ত্রিক সরকারব্যবস্থা চালু রয়েছে। আর গণতান্ত্রিক সরকারগুলো যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।
কর্ম অধিবেশন শেষে ১৩ দফা সুপারিশ করা হয়েছে। আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ইউএনএসকাপের পক্ষ থেকে একটি মহাপরিকল্পনা তৈরি করা হবে। মহাপরিকল্পনা তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষ বিশেষ করে সরকারি সংস্থা, ব্যবসায়ী খাত, গবেষণাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাকে যুক্ত করা হবে।