
চারদিকে প্রচণ্ড চাপ, সেই চাপে মাটি স্তম্ভের মতো উঁচু হয়ে উঠে যাচ্ছে আকাশের দিকে...!’
স্বাধীন বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসের ঠিক আগের দিন গতকাল রোববার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের দিকে তাকালে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের এই কথাগুলো কানে বাজে। কয়েক বছর আগে মার্চের এক দুপুরে তাঁর নকশায় নির্মিত এই স্মৃতিস্তম্ভের দিকে তাকিয়ে তিনি আমাকে কথাগুলো বলেছিলেন।
‘সংবাদপত্র’ লেখা একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে আমরা যখন ঢাকার কারওয়ান বাজার থেকে সাভারের দিকে চলেছি, তখন জামায়াত-শিবিরের ডাকা হরতালকবলিত বাংলাদেশে নিরাপত্তাহীনতার প্রবল চাপ। একজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে ডাকা হয়েছে হরতাল, বিজয় দিবসের ঠিক আগের দিন! কথাটা বলে টনক নড়িয়ে দিলেন ২৫ বছর বয়সী সাইফুল, যিনি জাতীয় স্মৃতিসৌধের সামনের রাস্তায় বাংলাদেশের পতাকা বিক্রি করছিলেন। ব্যাটারিচালিত অটোবাইকের চালক আতা মিয়া (৫২), মুক্তিযুদ্ধের সময় যাঁর চাচাকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলা হয়েছে, ভীষণ ক্রুদ্ধ স্বরে বললেন, ‘রাজাকারের হরতাল মানে কেডায়? হালাগো পাকিস্তান পাঠান দরকার।’
স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনের চত্বর ও তার আশপাশের সব অস্থায়ী দোকানপাট তুলে দেওয়া হয়েছে, ফটকের গায়ে ও দুই পাশের লাল প্রাচীরে একটিও পোস্টার নেই, নেই কোনো ব্যানার-ফেস্টুন। পরিপাটি করে ঝাড়ু দেওয়া হয়েছে সামনের চত্বর। লাল-সাদা রঙে রঞ্জিত করা হয়েছে রাস্তার পাশের সারিবদ্ধ গাছগুলো। প্রাচীরের পাশের ফুটপাত পরিষ্কার করার কাজ শেষ হয়নি। সেখানে ডালি ও কোদাল নিয়ে কর্মরত ১৭-১৮ বছরের তানজিনাকে জিজ্ঞাসা করি—কিসের আয়োজন চলছে? স্বামী রফিক ও তাঁর বন্ধুদের সঙ্গে রংপুর থেকে আসা দিনমজুর তানজিনা লাজুক হেসে বলেন, বিজয় দিবস। এই দিবসে কী হয়েছিল—জিজ্ঞাসা করলে তানজিনা বলেন তিনি জানেন না, তাঁর স্বামী রফিকও বলেন একই কথা।

কলেজপড়ুয়া তিন তরুণ গল্প করছে গাছের নিচে দাঁড়িয়ে। তাদের জিজ্ঞেস করি, ১৬ ডিসেম্বর কী। একজন বলে, ‘মহান বিজয় দিবস।’ জিজ্ঞেস করি ‘মহান’ কেন? তার পাশের জন বলে, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করা অবশ্যই মহান ঘটনা।’ এসব কথা তারা কীভাবে জেনেছে? এ প্রশ্নের উত্তরে তারা বলে, বাবা-চাচাদের কাছে গল্প শুনে, টিভি-নাটক দেখে এবং বইপত্র পড়ে। তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আরেক পতাকা বিক্রেতা, ময়মনসিংহের সুসং দুর্গাপুরের আনোয়ার (২৫), যিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁকে জিজ্ঞেস করি, পান-সিগারেট, কলা কিংবা বাদাম—এত কিছু থাকতে তিনি কেন পতাকা বিক্রি করেন। তিনি বলেন, ‘খালি বিক্রি করি না, বানাইও। আর খালি এক দিন, দুই দিন না, বছরে আষ্ট মাসই পতাকা বানায়া বিক্রি করি। পয়লা বৈশাখ থিকা আরম্ভ কইর্যা ১৬ ডিসেম্বর।’ কেন? ‘ভালো লাগে। বাংলাদেশের একটা চিহ্ন কান্দে লইয়া ঘুরি, বিক্রি করি, ভালো লাগে।’

বিক্রি করার জন্য কয়েকটি করে লাল গোলাপ হাতে নিয়ে পাশাপাশি বসে আছে তিনটি শিশু-কিশোরী: পিংকি, ফাতেমা ও শাবানা; তাদের পাশে চায়ের ফ্লাস্কের মাথায় থুতনি ঠেকিয়ে ঝিমাচ্ছে মারুফ। ওরা সবাই জানে কাল বিজয় দিবস, শেখ হাসিনা আসবেন। বিজয় দিবসে অনেক মানুষ আসে, ঘোরে, আনন্দ করে। কেন আনন্দ করে? কেন এই উদ্যাপন, এই শিশুরা তা জানে না। স্মৃতিসৌধ চত্বরের পরিচ্ছন্নতাকর্মী আম্বিয়ার আবছা মনে পড়ে, দেশে ‘গন্ডগোল’ হয়েছিল, তারপর দেশ স্বাধীন হয়েছিল; সেই ঘটনার সঙ্গে এই সৌধের কোনো সম্পর্ক আছে বলে তাঁর ধারণা। স্মৃতিসৌধের মালি আবদুল ওহাব অকপটে বললেন, তিনি যুদ্ধে যাননি। ‘আমি বিয়া করলাম, আর দেশে যুদ্ধ আরম্ভ হলো।’ যুদ্ধে যাননি? ‘না, আমি কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই।’ স্বীকার করলেন, ওই ‘গ্যাঞ্জামের’ ফলে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন: দেশ স্বাধীন হয়েছে আর তিনি স্মৃতিসৌধে চাকরি পেয়েছেন।

স্মৃতিসৗধের সামনের লম্বা পরিখায় স্বচ্ছ নীল পানি রোদে ঝলমল করছে স্ফটিকের মতো। লাউড স্পিকারে বাজছে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান। পরিপাটি পোশাকে সামরিক বাহিনীর সদস্যরা কুচকাওয়াজের মহড়া করছেন। পুরো চত্বরটি পরিষ্কার করা হয়েছে চমৎকারভাবে; পরিচ্ছন্নতাকর্মীদের কাজ এখনো শেষ হয়নি। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কাজে ব্যস্ত। দুপুরের মধ্যে চলে এল এসএসএফের একটি দল। দুপুরের কিছু পর থেকে আসা শুরু হলো বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
ফটকের বাইরে পাওয়া গেল আবদুল গফুর নামের এক প্রৌঢ়কে, একাত্তরে চালনা বন্দরে পাকিস্তানি নৌবাহিনীর সদস্যরা যাঁকে মেরে মৃত ভেবে ‘গাঙে ফালায় দিছিল’। তিনি পরে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর মুক্তিযোদ্ধার সনদ নেই, কোনো পদক দূরের কথা। কিন্তু কোনো আফসোস নেই তাঁর; বললেন, ‘দেশ স্বাধীন করতে চাইছি, আর তো কিছু চাই নাই।’ যে রকম দেশের স্বপ্ন দেখেছিলেন, তেমন দেশ কি পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশ অনেক উন্নত হইছে, স্বাধীনের আগে আমাদের কিছুই ছিল না, বাঙালি কেরানি আর চকিদারের উপরে উঠতে পারত না।’
এক নজরে
১৯৭২
১৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিসৌধের শিলান্যাস উদ্বোধন করেন
১৯৭৮
নকশা নির্বাচন। স্থপতি: সৈয়দ মাইনুল হোসেন
১৯৭৯
মূল সৌধের নির্মাণকাজ শুরু
১৯৮২
নির্মাণকাজ শেষ। ১৬ ডিসেম্বর উদ্বোধন
উচ্চতা
১৫০ ফুট (৪৬ মিটার)
আয়তন
স্মৃতিসৌধ ও প্রাঙ্গণ ও পরিবেষ্টন এলাকার আয়তন: ১০৮ একর
সূত্র: উইকিপিডিয়া