বাংলাদেশের চ্যানেলের অনুষ্ঠান ভারতে সম্প্রচারের প্রক্রিয়া চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের চ্যানেলগুলোর অনুষ্ঠান ভারতের প্রতিটি রাজ্যে সম্প্রচার করার প্রক্রিয়া চলছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হারুনুর রশিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাধনা হালদারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সংবাদপত্রশিল্পে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার জন্য যা করা দরকার, তার উদ্যোগ নেওয়া হয়েছে। অপু উকিলের প্রশ্নের জবাবে তিনি জানান, বিবিসির জরিপমতে, বেসরকারি টিভি চ্যানেলগুলো দক্ষ ও মানসম্মত হওয়ায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দর্শক ও শ্রোতা কমছে। বিটিভি দেশের সামগ্রিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে অনুষ্ঠানের পরিকল্পনা করে।সাধনা হালদারের অপর এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, সব টিভি চ্যানেলের জন্য একটি যুগোপযোগী বিজ্ঞাপন নীতিমালা তৈরির কাজ চলছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু সংবাদপত্র দায়বদ্ধতার বাইরে কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক ও অপ্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র, ব্যক্তি, প্রতিষ্ঠানকে হেয় করে, যা গণমাধ্যম প্রচার নীতিমালার পরিপন্থী। গণমাধ্যমের দায়বদ্ধতার বিষয়টি গণমাধ্যমের সম্পাদকদের ওপর বর্তায় উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ রোধে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩সহ বেশ কিছু বিধি রয়েছে। এসব আচরণবিধি লঙ্ঘন করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এ ছাড়া দেশের প্রচলিত আইনের মাধ্যমেও প্রতিকারের সুযোগ রয়েছে।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘সংসদ বাংলাদেশ’-এর জন্য নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে। এটি আরও আধুনিক করা হবে।বিদ্যুৎ-গ্যাস বিল বকেয়া ৮৬৮ কোটি টাকা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক দুটি প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, বিদ্যুৎ ও গ্যাস বিল বাবদ ৮৬৮ কোটি ৮২ লাখ ৯১ হাজার টাকা বকেয়া রয়েছে। তিনি জানান, গত মে মাস পর্যন্ত প্রায় ২৯৭ কোটি টাকা আদায়যোগ্য বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এই বকেয়া মোট বিলের মাত্র ৩ শতাংশ। সরকার বিদ্যুৎ বিলের বকেয়া আদায়সহ রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নেওয়ায় বকেয়ার পরিমাণ কমছে।ফজলুল আজিমের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশের সরকারি সংস্থাগুলোর কাছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত গ্যাস বিল বাবদ ৫৭১ কোটি ৮২ লাখ ৯১ হাজার টাকা বকেয়া রয়েছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তা ও পার্কের বৈদ্যুতিক বাতি ঢাকা সিটি করপোরেশন ও টঙ্গী পৌরসভার নিয়ন্ত্রণাধীন। অফিস-আদালত ছাড়াও রাজধানীর রাস্তা ও পার্কের বাতি সঠিক সময়ে জ্বালানো ও নেভানো হলে প্রতিদিন কমপক্ষে ২০ মেগাওয়াট বিদ্যুৎসাশ্রয় সম্ভব। সঠিক সময় বাতি জ্বালানো ও নেভানোর ব্যাপারে মনিটরিং জোরদার করতে ডিপিডিসির পক্ষে ঢাকা সিটি করপোরেশনকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে ২০২১ সালের মধ্যে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। সরকারি ও বেসরকারি খাতে মোট তিন হাজার ৮২৯ মেগাওয়াট ক্ষমতার ২৯টি বিদ্যুৎকেন্দ্রের দরপত্র-প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব চুক্তি স্বাক্ষরিত হবে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রায় ১২ শতাংশ লোক আবাসিক জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছে।