নাইট ক্লাবে হামলার ঘটনায় ওবামাকে শোকবার্তা
বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে সন্ত্রাসী হামলায় অনেকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের সরকার ও জনগণ যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে।
গত শনিবার রাত দুইটার দিকে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে ‘পালস’ নামে নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক এলোপাতাড়ি গুলি চালান। এতে ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে কোনো বন্দুকধারীর একক হামলায় এত বেশি মানুষ নিহত হয়নি। ঘটনার পর অরল্যান্ডো শহরে জরুরি অবস্থা জারি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাঠানো শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি এই ঘৃণিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস বা উগ্রপন্থার বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করছি।’
শেখ হাসিনা বার্তায় আরও বলেন, ‘সন্ত্রাসীর কোনো জাতপাত, ধর্ম, বর্ণ, গোত্র নেই। সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী। আসুন, আমাদের শান্তিপ্রিয় সমাজ থেকে এদের উচ্ছেদে আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করি।’
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ এই দুঃসময়ে যুক্তরাষ্ট্র সরকার এবং দেশটির বন্ধুপ্রতিম জনগণের পাশে রয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা আপনার মাধ্যমে এই দুর্ভাগ্যজনক ঘটনার শিকার পরিবারের সদস্য এবং সর্বোপরি যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমাদের অন্তরের অন্তস্তল থেকে শোক ও সহানুভূতি জানাচ্ছি।’