চীনের রাষ্ট্রদূত লি জুন বলেছেন, বাংলাদেশে আরেকটি সংসদ নির্বাচন হওয়া উচিত কি না, এ দেশের জনগণই সে প্রশ্নের ভালো উত্তর দিতে পারবে।
আজ বৃহস্পতিবার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত কথাটি বলেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত লি জুন আরও বলেন, আগামী বছরগুলোতে চীনের বিপুল বিদেশি বিনিয়োগ ও সে দেশে আমদানির একটি ‘ন্যায্য হিস্যা’ বাংলাদেশের পাওয়া উচিত।
৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন ‘ত্রুটিপূর্ণ’ হওয়ায় আরেকটি নির্বাচন হওয়া উচিত কি না, জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত বলেন, বাইরের যে কারও চেয়ে বাংলাদেশের জনগণই এ প্রশ্নের ভালো উত্তর দিতে পারবে।
বিএনপি ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সরকারকে চীনের অভিনন্দনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লি জুন বলেন, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হয়েছে। আর আইনের শাসন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতি।
চলমান উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে শান্তিপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের প্রধান দুই দলের রাজনৈতিক মতপার্থক্য দূর করতে চীন এখনো শান্তিপূর্ণ সংলাপে উত্সাহ জোগায় বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ‘দুই দলকে আমরা ইতিবাচক সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে উত্সাহ জোগাই। কারণ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও স্থিতিশীল করার ব্যাপারে দুই প্রধান রাজনৈতিক দলের বিশেষ দায়িত্ব রয়েছে।’
লি জুন বলেন, ‘আগামী পাঁচ বছরে চীনের বিদেশি বিনিয়োগ ৫০০ কোটি বিলিয়ন ছাড়াবে আর এই সময়ে আমদানির অঙ্ক হবে ১০ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশ যাতে এই বিনিয়োগ ও আমদানি থেকে যথাযথ অংশ পেতে পারে, সে লক্ষ্যে আমি কঠোর পরিশ্রম করছি।’
চীনের রাষ্ট্রদূত জানান, গত ডিসেম্বরে যোগাযোগ অবকাঠামো, বিনিয়োগ, বাণিজ্যসহ নানা ক্ষেত্রে চার দেশের কর্মকর্তারা সম্মত হওয়ায় বিসিআইএম (বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার) অর্থনৈতিক জোট চালুর বিষয়টি জোরদার হয়েছে।
লি জুন বলেন, ‘অর্থনৈতিক করিডর চালুর প্রক্রিয়ার মধ্য দিয়ে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর, বিদ্যুেকন্দ্র নির্মাণ ও নৌ টানেল নির্মাণের মতো সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সাফল্য পাওয়ার পথ সুগম হবে।’
চীনের বিনিয়োগকারীদের প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ ও বিদ্যুত্-সংযোগ স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘসূত্রতার ব্যাপারে লি জুন অসন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হরতালকে অন্যতম বাধা হিসেবে অভিহিত করেন তিনি।
ডিকাব সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার।