মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাংলাদেশের সমুদ্র উপকূলের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ৫৪৭টি ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। আরও ১১৬টি আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে। এতে উপকূলের মানুষের জীবন রক্ষার পাশাপাশি শিশুদের পড়াশোনার সুযোগ হচ্ছে। যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে। কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরনতলী ঘাটে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মাণাধীন একটি বহুমুখী আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে গতকাল সোমবার সকালে ড্যান মজীনা এসব কথা বলেন। টেকনাফের কেরনতলী গ্রামে নির্মাণাধীন ‘বাংলাদেশ কোস্টগার্ড কোস্টাল ম্যানেজমেন্ট সেন্টারের’ বহুমুখী দ্বিতল ভবনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের কমান্ডার কাউসার আলম বলেন, এই কেন্দ্রটি চালু হলে উপকূলের মানুষ ঘূর্ণিঝড়, সুনামি, দুর্যোগ সম্পর্কে সচেতন হবে। পাশাপাশি মিয়ানমারে বিভিন্ন চোরাচালান কার্যক্রম প্রতিরোধ করা কোস্টগার্ডের জন্য সহজ হবে।ড্যান মজীনা এরপর কেরনতলী থেকে সড়কপথে প্রায় ২৫ কিলোমিটার দূরে খারাংখালী গ্রামে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মজীনা বলেন, ‘আমি আমেরিকার এমন এক জায়গা থেকে এসেছি, যেখানে প্রায়ই ভয়ানক ঝড় হয়। এই টেকনাফের মতো সেখানেও সতর্কীকরণ সংকেত দিতে হয়। আমার দেশের সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারির ভিত্তিতে এখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। এ জন্য আমি গর্ব অনুভব করি। ভালো আবহাওয়ায় এই আশ্রয়কেন্দ্র ১৫০ জন শিক্ষার্থীর বিদ্যালয় হিসেবে ব্যবহূত হবে।’অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, দুর্যোগপূর্ণ এলাকার মানুষের জীবনমান রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে এই আশ্রয়কেন্দ্রটি তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকার উপকূলীয় এলাকায় বিভিন্ন বিদ্যালয়কে বহুমুখী আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। সারা দেশে শিগগিরই সাড়ে ১১ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি বিদ্যালয় রক্ষণাবেক্ষণ ও প্রহরার জন্য নৈশপ্রহরী ও পিয়ন নিয়োগ দেওয়া হবে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিং সুই মংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুপন কান্তি শীল, প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন, স্থানীয় সমাজসেবক মং ছা লু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রমুখ।