বাংলাদেশের জন্য ভারতের ভিসাপদ্ধতি পরিবর্তন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত যেতে বাংলাদেশের নাগরিকদের ভিসাপ্রক্রিয়ায় কোনো পরিবর্তন হয়নি। তাই আগের মতোই বাংলাদেশের নাগরিকদের অনলাইনে ভারতের ভিসার জন্য আবেদন করতে হবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়ায় কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে অনলাইনে যে ভিসাপ্রক্রিয়া চালু রয়েছে, তা অব্যাহত থাকবে। বিদ্যমান প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ভারতের পরিকল্পনা প্রতিমন্ত্রী রাজীব শুক্লাকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) গত বুধবার জানায়, ভারত ১৮০ দেশের পর্যটকদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব দেশের নাগরিকেরা ভারতে পৌঁছানোর পর বিমানবন্দরে ভিসা নেওয়ার সুযোগ পাবেন। তবে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান, ইরাক, নাইজেরিয়া, সুদান ও সোমালিয়ার নাগরিকেরা প্রস্তাবিত এ ভিসা সহজীকরণ প্রক্রিয়ার সুযোগ পাবেন না।