বাংলাদেশের জন্য যা মঙ্গল তা ভালো ভারতের জন্যও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের জন্য যা মঙ্গল, তা ভালো ভারতের জন্যও।’ ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার গতকাল রোববারের একটি খবরের প্রথম লাইন এটি। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরের সময় বাংলাদেশকে নতুন করে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেওয়ার খবরটি জানাতে প্রথম লাইনে ওই কথা লিখেছে পত্রিকাটি।
দুদিনের সফর শেষে গতকাল রাতে দেশে ফিরে গেছেন মোদি। তাঁর সফর ও প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের খবর ও ছবি এবং তার তাৎপর্য গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো।
ফার্স্টপোস্ট ডটকমের খবরে বলা হয়, বাংলাদেশের আগে ভারত এ পর্যন্ত কোনো দেশকে একসঙ্গে ২০০ কোটি ডলার ঋণ দেয়নি। আর বাংলাদেশকে দেওয়াটা অবশ্যই উত্তম সিদ্ধান্ত। স্থলসীমান্ত চুক্তি চূড়ান্ত করা এবং এর আগে দুই দেশের সমুদ্রসীমা নিষ্পত্তি হওয়ার বিষয়টি উল্লেখ করে ওই খবরে আরও বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম প্রতিবেশী দুই দেশ স্থল ও জলসীমা উভয় বিষয়ে বিরোধ পুরোপুরি নিষ্পত্তি করল।
দুই দেশের মধ্যে সমুদ্রসীমার বিষয়টি নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তি চূড়ান্ত করার বিষয়টি উল্লেখ করে গতকাল ইকোনমিক টাইমস-এর এক খবরে বলা হয়, এ দুই ক্ষেত্রেই ভারতকে হারাতে হয়েছে। ভূমি ও পানিসম্পদের দিক থেকে ভারতই বেশি দিয়েছে প্রতিবেশীকে। তবে আরও বৃহত্তর অর্থে দেখলে ভারতই প্রকৃত বিজয়ী। কারণ, এর মাধ্যমে বাংলাদেশে ভারতের প্রতি মনোভাব নাটকীয়ভাবে বদলে গেছে। বাংলাদেশে গিয়ে মোদি যে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন, তা থেকেই এটি পরিষ্কার।
জিনিউজ জানায়, মোদির এই সফরকে ঐতিহাসিক অভিহিত করে তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, এর মাধ্যমে দুই দেশের সম্পর্কে দ্বিতীয় ভিত্তিফলক স্থাপিত হলো।
গত রাতে ঢাকা ছাড়ার আগে সর্বশেষ কর্মসূচি হিসেবে জনবক্তৃতা করেন মোদি। এরপর মোদির উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু পত্রিকা শিরোনাম করে, ‘বাংলাদেশ-ভারত শুধু পাশাপাশি নয়, একসঙ্গে রয়েছে।’
এর আগে গতকাল সকালে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন পরিদর্শন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি দেওয়া বাংলাদেশের সম্মননা গ্রহণ করেন মোদি। এসব খবর ও ছবি ফলাও করে প্রকাশ করে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভিসহ ভারতের প্রধান প্রধান সংবাদমাধ্যম।