বাংলাদেশের জলসীমায় ঠেলে দিলে প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের নৌবাহিনীর হাতে উদ্ধার অভিবাসীদের বাংলাদেশ জলসীমায় ঠেলে দেওয়া হতে পারে আশঙ্কায় সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দিচ্ছে। অভিবাসীদের বাংলাদেশ জলসীমায় ঠেলে দেওয়া হলে প্রতিরোধ করা হবে বলে জানানো হয়েছে।
বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ৭২৭ অভিবাসীকে নৌপথে মংডু শহরের বালুখালী এলাকায় আনা হচ্ছে জানিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাঁকে দুদিন আগে লিখিতভাবে জানিয়েছে। বালুখালী এলাকাটি টেকনাফের বিপরীতে। বালুখালী যেতে হলে সেন্ট মার্টিনের পাশ দিয়ে নাফ নদী অতিক্রম করতে হবে। এ ক্ষেত্রে মিয়ানমার যদি তাদের জলসীমা ব্যবহার করে, বাংলাদেশের কোনো আপত্তি নেই। কিন্তু তা না করে অভিবাসীদের বাংলাদেশ জলসীমানায় ঠেলে দিলে আমরা বসে থাকব না। সে জন্য জলসীমান্ত রক্ষার দায়িত্বে থাকা একাধিক বাহিনী প্রস্তুত রয়েছে।
সাগর থেকে ফিরে আসা টেকনাফের একাধিক ট্রলারের জেলেরা জানায়, গতকাল ভোর থেকে অভিবাসীবাহী নৌযান সেন্ট মার্টিনের দক্ষিণে শীলেরকুম এলাকায় বঙ্গোপসাগরে অবস্থান করছে। ট্রলারটির একটু দূরে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ অবস্থান নিয়েছে। বিপরীত দিকে (সেন্ট মার্টিনের পশ্চিমে) বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ টহল দিচ্ছে। ফলে ট্রলারটি সামনে বা পেছনে এগোতে পারছে না। তবে রাতে অভিবাসীদের বাংলাদেশ জলসীমানায় ঠেলে দিতে পারে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমারের নৌবাহিনীর উদ্ধার করা ৭২৭ অভিবাসীর একটা অংশকে বুধবার দেশটির মংডু এলাকায় নেওয়া হয়েছে। একটি জাহাজ ও একটি ট্রলারে করে তাদের মংডু নেওয়া হয়। এ ছাড়া আরও দুটি নৌযান কাছাকাছি অবস্থানে থেকে সাগরে ভাসছে।
এ প্রসঙ্গে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী জানান, যেকোনো সময় অভিবাসীবোঝাই নৌযান বাংলাদেশ জলসীমায় ঠেলে দিতে পারে বলে আশঙ্কায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সতর্ক রয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, টেকনাফ, কুতুবদিয়া উপকূলেও অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে।
মিয়ানমারের নৌবাহিনী পাঁচ দিন আগে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে ঘোষণা দেয়। পরে দাবি করে, উদ্ধার অভিবাসীদের সবাই বাংলাদেশি।