বাংলাদেশের জলসীমায় ঢুকে নাসাকার গুলি, ট্রলার লুটের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী নাসাকার সদস্যরা গতকাল শুক্রবার সকালে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে গুলিবর্ষণ করেছে। এ সময় তারা বাংলাদেশি গরু ব্যবসায়ীদের দুটি ট্রলার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বিডিআরের বাধার মুখে পিছু হটে নাসাকার সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসাকা সদস্যরা নাফ নদীর শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকার বাংলাদেশ জলসীমানায় অনুপ্রবেশ করে ১০-১২টি ফাঁকা গুলিবর্ষণ করে। আতঙ্কে কোরবানির পশু বোঝাই দুটি ট্রলারের শ্রমিকেরা বদরমোকাম চরে ট্রলার তুলে দিয়ে পালিয়ে যান। এই সুযোগে নাসাকা বাহিনী ট্রলার দুটি মিয়ানমারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে শাহপরীর দ্বীপ বিডিআর ফাঁড়ির জওয়ানেরা স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নাসাকা বাহিনীকে বাংলাদেশ জলসীমানা ত্যাগের নির্দেশ দেন। এতে কাজ না হলে বিডিআর একটি ফাঁকা গুলিবর্ষণ করে। নাসাকা বাহিনী তখন মিয়ানমারে ফেরত যায়। পরে পশুর মালিকেরা ট্রলার দুটি নিয়ে আসেন। দুটি ট্রলারে ১৪০টি গরু ছিল। গরু ব্যবসায়ী হামিদুর রহমান বলেন, মিয়ানমারের আকিয়াব থেকে রাজস্ব পরিশোধ করে পশু বোঝাই ট্রলার দুটি শাহপরীর দ্বীপ করিডরে আনা হচ্ছিল। বিডিআর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা না নিলে ট্রলার দুটি নাসাকা বাহিনী লুটে নিয়ে যেত।টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মিয়ানমারের নাসাকা সদর দপ্তরে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা জানান, কোরবানির জন্য এবার ২৫ জন ব্যবসায়ী মিয়ানমারের আকিয়াব থেকে প্রায় সাত হাজার গরু-মহিষ কিনেছেন। গত বুধবার পর্যন্ত মাত্র এক হাজার পশু টেকনাফে আনা গেলেও নাসাকার অপতৎপরতায় বাকি পশু আনা যাচ্ছে না। তাঁরা বলেন, কোরবানির আগে এসব পশু আনা না গেলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।বাংলাদেশ কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, নাসাকা বাহিনীর অপতৎপরতা রোধে নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।