বাংলাদেশের জলসীমায় মাছ ধরছে ভারতীয় জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমানায় ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে বলে বাংলাদেশি জেলেদের অভিযোগ। গত ১২ এপ্রিল বরগুনা সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি ভারতীয় জেলেদের অনুপ্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছিল। এর পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরগুনাসহ দক্ষিণাঞ্চলের জেলেরা জানায়, আগে ভারতীয় জেলেরা বাংলাদেশি পতাকা ব্যবহার করে মাছ শিকার করত। বর্তমানে তারা প্রকাশ্যে ফেয়াওয়েবয়া থেকে পটুয়াখালীর সোনারচর পর্যন্ত এলাকায় ঢুকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। এতে গভীর সমুদ্রে উভয় দেশের জেলেদের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। গত ইলিশ মৌসুমে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটে বাংলাদেশ জলসীমার সুন্দরবন এলাকায়। জেলেরা আরও জানায়, এমনিতেই এবার ইলিশের আকাল চলছে। বাংলাদেশি জলসীমায় যেসব এলাকায় ইলিশের মূল বিচরণক্ষেত্র সেখানে ভারতীয় জেলেদের তৎপরতায় দেশীয় জেলেরা যেতে পারছে না। তার ওপর বিরূপ আবহাওয়া, জলদস্যুদের তাণ্ডবে দক্ষিণাঞ্চলের দুই লাখ জেলে এখন সম্পূর্ণ কোণঠাসা। পাথরঘাটার জেলে মজিবর, সিদ্দিকুর রহমান, আবু হানিফ, ফোরকান জানান, ভারতীয় জেলেদের কারণে তাঁরা জাল ফেলতে পারছেন না। বাধা দিলে সংঘাতের আশঙ্কা থাকে। আল-আমিন, ছগির হোসেন, মালেক মাঝিসহ একাধিক ট্রলার মালিকের অভিযোগ, সুন্দরবন সংলগ্ন ফেয়াওয়েবয়া, নারিকেলবাড়িয়া, পশুর, শিবসা, রায়মঙ্গল, মালঞ্চ, কৃষ্ণা, ভাঙ্গারা, সোনারচরসহ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে ভারতীয় জেলেরা অহরহ মাছ শিকার করছে। তুলনামূলকভাবে বাংলাদেশের জেলেরা সনাতন পদ্ধতি ব্যবহার করায় ভারতের জেলেদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। ভারতীয় জেলেদের দ্রুতগামী নৌকা, আধুনিক সরঞ্জাম ও সংঘবদ্ধতার কাছে বাংলাদেশের জেলেরা একপ্রকার অসহায় থাকে গভীর সাগরে।বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, এমনিতেই এ মৌসুমের শুরুতে সাগরে ইলিশ ধরা পড়ছে না। দু-চারটি ইলিশের দেখা মিললেও সেখানে ভারতীয় জেলেদের হানার কাছে পরাস্ত হয়ে ফিরছে দেশীয় জেলেরা। এ অবস্থা চলতে থাকলে জেলেদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে গত ১৬ জুন ৭৯ ভারতীয় জেলে পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয় নিয়েছিল। তিনি বলেন, ‘যে এলাকাটি আমাদের ফিসিং জোন হিসেবে পরিচিত সেখানে ভারতীয় জেলেদের আধিপত্যে আমাদের জেলেরা যেতে পারে না। ভারতীয় জেলেদের দ্রুতগামী ট্রলার, বাইনোকুলার, ওয়্যারলেসসহ আধুনিক যন্ত্রপাতি তাকে। এ ছাড়া তারা সংঘবদ্ধ থাকায় আমাদের জেলেরা ভয়েও তাদের ধারেকাছে যায় না।’পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক মীর মো. হুমায়ুন কবির জানান, বিশ্বের মোট ইলিশের ৫০ থেকে ৬০ ভাগ আহরতি হয় বাংলাদেশে। ভারতে ১৫ থেকে ২০ ভাগ। কিন্তু সম্প্রতি ভারতে ইলিশের আহরণ দুই থেকে আড়াই ভাগ বেড়েছে, যা বাংলাদেশের জন্য উদ্বেগজনক।মৎস্য বিশেষজ্ঞরা জানান, আন্তর্জাতিক নিয়মানুসারে সমুদ্রতীর থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত সবকিছুর অধিকার তীরবর্তী দেশ সংরক্ষণ করে। সমুদ্রতীর থেকে মহিসোপানের ২০০ নটিক্যাল মাইল এলাকা সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এলাকা হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক বিধি হিসেবে সমুদ্রতীরবর্তী দেশের ২০০ ও ৩০০ মাইলের অন্তর্বর্তী অঞ্চলে সামুদ্রিক সম্পদ কেবল তীরবর্তী দেশই উত্তোলনের অধিকার রাখে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ১৯৭৪ সালের ‘টেরিটরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইমস অ্যাক্ট’ অনুসারে দেশের মৎস্যভান্ডার রক্ষা করা সরকারের দায়িত্ব। বাংলাদেশের সমুদ্রসীমায় ইলিশ মাছের সহনশীল উৎপাদন বজায় রাখার স্বার্থে ভারতীয় জেলেদের রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিরোধ করা জরুরি।যোগাযোগ করা হলে বাগেরহাটের মংলায় অবস্থিত কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলের অধিনায়ক ক্যাপ্টেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ কোস্টগার্ডের কাছে নেই। দেশের সমুদ্রসীমার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর। তবে অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেব।’