বাংলাদেশের জলসীমায় মাছ ধরছে ভারতীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ ধরার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা পৌর শহরে গত সোমবার মানববন্ধন করেন মৎস্যজীবীরা l ছবি: প্রথম আলো
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেদের মাছ ধরার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা পৌর শহরে গত সোমবার মানববন্ধন করেন মৎস্যজীবীরা l ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলার ইলিশসহ সব ধরনের মাছ শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে গত সোমবার বিকেলে মানববন্ধন করা হয়। কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন মৎস্যজীবীরা। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।|
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি, বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম আকন, জেলে মো. আলম হাওলাদার প্রমুখ।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার বলেন, বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার অনুপ্রবেশের প্রতিবাদে স্থানীয় জেলেদের স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এম সোলায়মান শেখ বলেন, একসময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা ঘেঁষে বা কিছুটা ভেতরে ঢুকে ইলিশ শিকার করতেন। বর্তমানে উপকূলীয় এলাকার কাছাকাছি এসেও অবাধে মাছ শিকার করছেন।
মানববন্ধন চলাকালে আলম হাওলাদার বলেন, ২১ ও ২২ জুলাই সাগরে মাছ শিকারের সময় ভারতীয় এফবি মা গঙ্গা, মা কালী ও মা দুর্গা নামের তিনটিসহ কয়েক শ ট্রলার দেখা গেছে। এসব ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে লম্বা জাল (প্রস্থে ১০০ হাত), ট্রলিং জাল ও কারেন্ট জাল দিয়ে ইলিশসহ সব ধরনের ছোট-বড় মাছ শিকার করে নিয়ে যাচ্ছে।

ভারতীয় এক জেলের বরাত দিয়ে আলম হাওলাদার বলেন, ভারতীয় জেলেরা গভীর সাগরসহ বরগুনার পাথরঘাটাসংলগ্ন এলাকা থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোনারচর পর্যন্ত এলাকা থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছেন। এ মৌসুমে প্রতিদিন হাজার খানেক ভারতীয় ট্রলার গভীর সাগরসহ এসব এলাকায় মাছ শিকার করছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম আকন বলেন, ভারতীয় মাছ ধরা ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ শিকার করে। এতে বাঁধা দিলে তারা মাইকে হুমকি দিয়ে বাংলাদেশি ট্রলারে হামলা ও জেলেদের ওপর নির্যাতন চালায়। তিনি আরও বলেন, ‘আমাদের ট্রলারের জাল ইলিশের জন্য খুবই ভালো ও শক্ত। তাই ভারতীয় জেলেরা ইলিশসহ এসব জাল লুট করে নিয়ে যায়। দু-এক বছর আগে এ ধরনের একটি ঘটনায় ভারতীয় জেলেদের বাধা দিলে পাথরঘাটার এফবি বনফুল ট্রলার ডুবিয়ে দেয় তারা। এতে ওই ট্রলারের মাঝি মো. ইছা প্রাণ হারান।’

পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় ট্রলারের হামলায় ট্রলারডুবি ও এক জেলের মৃত্যুর ঘটনা আমাদের জানা নেই। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। এ ছাড়া ঘটনাস্থলটি আমাদের নজরদারিরও বাইরে।’

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) সামসুর রহমান বলেন, ‘নদী ও সাগর মোহনায় জেলেদের নিরাপত্তা দেওয়া আমাদের মূল দায়িত্ব। তবে বাংলাদেশের জলসীমা বা গভীর সাগরে নৌবাহিনীর সদস্যরা দায়িত্বে আছেন। তাঁদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।’