বাংলাদেশের জিএসপি পুনর্বহালের বিষয়ে ফের পর্যালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়ে এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে আবার পর্যালোচনা হবে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক সহকারী মন্ত্রী চার্লস রিভকিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রসচিব জানান, জিএসপি পুনর্বহালের জন্য মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) কর্মপরিকল্পনা অনুযায়ী সর্বশেষ অগ্রগতি সম্পর্কে গতকাল যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
গত জুলাইতে বাংলাদেশের জিএসপি পর্যালোচনার বৈঠকে এ সুবিধা ফিরে পেতে আরও পদক্ষেপ নিতে সুপারিশ করেছে ইউএসটিআর। গত বছরের জুনে বাংলাদেশের জিএসপি স্থগিত করে ওবামা প্রশাসন।
রিভকিনের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে রিভকিন সাংবাদিকদের বলেন, ‘আমার সফরটি সংক্ষিপ্ত হলেও ফলপ্রসূ হয়েছে। দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত ও জোরদার করতে আমরা বদ্ধপরিকর।’
পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায় প্রাতরাশ বৈঠক করেন রিভকিন। ওই বৈঠকে পোশাকমালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।