বাংলাদেশের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আসেননি। তবে শুরুতেই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস আসরের এই নিয়মিত অতিথির সঙ্গে দেখা হয়ে গেল আমন্ত্রিত ব্যক্তিদের। উচ্ছ্বসিত ডেভিড ক্যামেরনকে পাওয়া গেল অনুষ্ঠান মঞ্চের বিশালাকার পর্দায়। ভিডিও বার্তায় তিনি জানিয়ে দিলেন, এই অনুষ্ঠানকে (যার নাম তিনি দিয়েছেন কারি অস্কার) কতটা মিস করছেন তিনি। সঙ্গে মনে করিয়ে দিতে ভোলেননি, এই কারিশিল্প কতটা অবদান রাখছে ব্রিটেনের অর্থনীতিতে।প্রধানমন্ত্রীর সশরীরে না আসার অপ্রাপ্তি হয়তো থাকল। কিন্তু বাকি সব দিক দিয়ে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের অষ্টম আসর ছাড়িয়ে গেল তার আগেকার সব আয়োজনকে। বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি, পুরস্কার ঘোষণার টানটান উত্তেজনা, চোখধাঁধানো মঞ্চ, বর্ণিল আয়োজন—সব মিলিয়ে অসাধারণ হয়ে থাকল ২৬ নভেম্বর লন্ডনের বেটারসি পার্কে আয়োজিত এই আসর।বরাবরের মতোই ব্রিটেনের ‘অভিজাত ও উচ্চমহলের’ মানুষের যেন ঢল নেমেছিল। মন্ত্রী, সাংসদ, শীর্ষ রেস্তোরাঁ মালিক, তারকা রাঁধুনি, বিনোদন জগতের তারকা—কে ছিলেন না এই অনুষ্ঠানে!এবার ১২টি বিভাগে পুরস্কার জিতেছে মোট ১৮টি রেস্তোরাঁ। এর বড় অংশই বাংলাদেশি মালিকানাধীন। গোটা ব্রিটেনের ১০ হাজার রেস্তোরাঁর মধ্যে এবার মনোনয়ন পেয়েছিল তিন হাজার। বিচারকদের রায়ে মূল পর্বের জন্য মনোনীত হয় ৫৬টি রেস্তোরাঁ।শুরুতে সবাইকে স্বাগত জানান ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রযোজক ও পরিচালক জাস্টিন আলী। বক্তব্য দেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই। বিবিসির উপস্থাপক জেনি বন্ড ও ররি ব্রেমনারের প্রাণবন্ত উপস্থাপনা পুরোটা সময় মাতিয়ে রেখেছিল অতিথিদের।