বাংলাদেশের জয়ে অভিনন্দন
ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সংগঠন।
গতকাল সোমবার পৃথক বিবৃতিতে তাঁরা এই অভিনন্দন জানান। গতকাল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারায় টাইগাররা।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে ফোনে বাসসকে জানান, এ বিজয়ের জন্য রাষ্ট্রপতি জাতীয় দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ দল বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। চিকিৎসার জন্য রাষ্ট্রপতি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দল ও বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় সেঞ্চুরি করায় মাহমুদউল্লাহ রিয়াদকে অভিনন্দন জানান। বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল ক্রিকেট দলকে অভিনন্দন জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ক্রিকেট দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
বাংলাদেশ ক্রিকেটের সব সময়ের শুভাকাঙ্ক্ষী ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাবেক প্রধান আলী বাখার বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁকে ফোন করে আলী বাখার অভিনন্দন জানিয়েছেন। সাবের হোসেন চৌধুরীও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, গভর্নর আতিউর রহমান, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।