বাংলাদেশের জয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারানোয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার বিজয় মিছিল করেছে।
এদিকে গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনও আনন্দ মিছিল বের করে।
গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বর থেকে আওয়ামী লীগের বিজয় মিছিল বের হয়। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
নগর আওয়ামী লীগের বর্ধিত সভার পর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরউদ্দিনের নেতৃত্বে বিজয় মিছিল বের হয়। মিছিলে নগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। এতে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের দামাল ছেলেরা বিশ্বের যেকোনো দেশকে হারাতে সক্ষম। ইংল্যান্ডকে হারিয়ে আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গিয়েছি। পরের খেলাগুলোতে আমাদের ছেলেরা ধারাবাহিকতা রক্ষা করবে, এই প্রত্যাশা আমাদের।’
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
মিছিলে কাউন্সিলর, কর্মকর্তা ও করপোরেশনের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। সিটি করপোরেশন কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. তৈয়ব, মো. ইসমাঈল, এ কে এম জাফরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী, রেখা আলম চৌধুরী, রেহানা বেগম রানু, আনজুমান আরা বেগম প্রমুখ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন, দেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শিতা অর্জন করতে হবে।